পূর্ণম সাউ ইস্যুর পাল্টা বার্তা? বিএসএফের হাতে ধরা পড়ল পাকিস্তানি জওয়ান
Connect with us

হামলা

পূর্ণম সাউ ইস্যুর পাল্টা বার্তা? বিএসএফের হাতে ধরা পড়ল পাকিস্তানি জওয়ান

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ ভারত-পাক সীমান্তে ফের উত্তেজনা। রাজস্থানের সীমান্তবর্তী অঞ্চলে এক পাক রেঞ্জারকে (Pakistani Ranger) আটক করল ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী (BSF)। সূত্রের খবর, সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন অভিযুক্ত পাকিস্তানি জওয়ান। সীমান্ত পেরোনোর সময়ই তাঁকে ধরে ফেলেন সতর্ক বিএসএফ জওয়ানরা। শুধু অনুপ্রবেশ নয়, বিএসএফ সূত্রে দাবি, ওই রেঞ্জার ভারতীয় জওয়ানদের উদ্দেশে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছিলেন। এরপরই তাঁকে আটক করা হয়।

এই ঘটনা এমন সময়ে ঘটল, যখন এক সপ্তাহেরও বেশি সময় ধরে পাকিস্তানের হেফাজতে রয়েছেন পশ্চিমবঙ্গের বাসিন্দা বিএসএফ জওয়ান পূর্ণম সাউ (Purnam Sau)। তিনি নাকি ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তাঁর মুক্তির দাবিতে ইতিমধ্যেই বেশ কয়েকবার ফ্ল্যাগ মিটিংয়ে বসেছে দুই দেশের সেনা আধিকারিকরা। তবে পাকিস্তান এখনও পূর্ণমকে ছাড়তে নারাজ, যা আন্তর্জাতিক কূটনীতিতে নিয়ম লঙ্ঘনেরই সামিল বলে মনে করছে নয়াদিল্লি।

আরও পড়ুনঃ পাক তরুণীর সঙ্গে গোপন বিবাহ, জাতীয় নিরাপত্তার শঙ্কায় বরখাস্ত সিআরপিএফ জওয়ান

বিএসএফ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে পাকিস্তান রেঞ্জারের মুক্তির দাবিতে সীমান্তে জরুরি ফ্ল্যাগ মিটিং ডাকে পাকিস্তান। কিন্তু ভারতের তরফে তাঁর মুক্তি সংক্রান্ত কোনও আশ্বাস দেওয়া হয়নি। উল্টে, পূর্ণম সাউয়ের আটকের প্রসঙ্গ তুলে পাকিস্তানের ‘দ্বিচারিতা’ নিয়ে কটাক্ষ করেন বিএসএফ আধিকারিকরা।

Advertisement
ads

পাহেলগাঁও (Pahalgam) সন্ত্রাসবাদী হামলার আবহে এমন ঘটনার রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব অনস্বীকার্য। কারণ এই হামলার পিছনে পাকিস্তানের মদতের প্রমাণ ইতিমধ্যেই সামনে এসেছে বলে দাবি গোয়েন্দা সূত্রের। এই পরিস্থিতিতে বিএসএফের হাতে পাক রেঞ্জারের আটক কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হিসেবেও দেখছে সংশ্লিষ্ট মহল।

উল্লেখ্য, অনিচ্ছাকৃত সীমান্ত লঙ্ঘনের ক্ষেত্রে দুই দেশের মধ্যে সামরিক প্রোটোকল অনুযায়ী সাধারণত অভিযুক্তকে ফিরিয়ে দেওয়া হয় ফ্ল্যাগ মিটিংয়ের মাধ্যমে। কিন্তু এবার সেই নিয়ম ভাঙল পাকিস্তান নিজেই। ফলে এবার তাদের এক জওয়ান আটক হওয়ার ঘটনা উল্টে তাদের জন্যই গলার কাঁটা হয়ে উঠতে পারে বলেই ধারণা কূটনৈতিক মহলের।

পূর্ণম সাউয়ের স্ত্রী রজনী সাউ (Rajani Sau) ইতিমধ্যেই পাঠানকোট পৌঁছে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেছেন। তাঁকে জানানো হয়েছে, সরকার ও বিএসএফ সর্বতোভাবে চেষ্টা করছে পূর্ণমকে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার। এই আবহেই পাক রেঞ্জার ধৃত হওয়ায় পুরো পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে।

Advertisement
ads