দুর্ঘটনা
হাসপাতালে রাজ্যপাল, দেখতে গিয়ে মানবিক বার্তা মুখ্যমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ আচমকাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। হৃদ্রোগজনিত সমস্যার কারণে সোমবার সকালে তাঁকে আলিপুর সেনা হাসপাতালে ভর্তি করা হয়। সূত্রের খবর, তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছে এবং চিকিৎসকরা বাইপাস সার্জারির সম্ভাবনা খতিয়ে দেখছেন।
এই খবর পৌঁছনোর পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সরকারি কর্মসূচির আগে রাজ্যপালকে দেখতে হাসপাতালে যান। শালবনিতে জিন্দল গোষ্ঠীর বিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে, ডুমুরজলা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে তিনি রাজ্যপালের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।
আরও পড়ুনঃ রাজ্যবাসীর উদ্দেশ্যে খোলা চিঠি মুখ্যমন্ত্রীর, বাংলায় অশান্তির মূলে RSS-কে নিশানা
সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী বলেন, “রাজ্যপাল হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় ওঁকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। চিকিৎসাধীন রয়েছেন, আমরা সবাই ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।” এরপরই তিনি চপারযোগে শালবনির উদ্দেশে রওনা দেন।
৭৪ বছর বয়সি রাজ্যপাল গত সপ্তাহেই রাজ্যের উত্তপ্ত কিছু এলাকায় পরিদর্শনে গিয়েছিলেন। মুর্শিদাবাদ এবং মালদহে সাম্প্রতিক অশান্তির পর পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতেই তিনি ওই জেলাগুলিতে যান ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এর পর শনিবার রাতেই কলকাতায় ফেরেন। কিন্তু সোমবার সকালে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
এদিকে, মুখ্যমন্ত্রীর শালবনি সফরেও বিশেষ তাৎপর্য রয়েছে। সেখানে জিন্দল গোষ্ঠীর ৮০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুটি তাপবিদ্যুৎ প্রকল্পের সূচনা করলেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও, যিনি শিল্পপতি সজ্জন জিন্দালের আমন্ত্রণে এসেছিলেন। শালবনিতে সৌরভ নিজেও একটি স্টিল কারখানা গড়ে তুলছেন বলে জানা গেছে।
একদিকে শিল্পায়নের নতুন দিগন্ত, অন্যদিকে রাজ্যের শীর্ষপদে থাকা এক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের চিকিৎসা—এই দুই ঘটনাকে ঘিরে রাজ্যে সোমবার রইল ব্যস্ত রাজনৈতিক আবহ।
