কলকাতা
ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি! ভাঙড়ে গুন্ডামি, গ্রেফতার ৯
নিউজ ডেস্ক: সোমবার থেকে ওয়াকফ আইন বাতিলের দাবিতে চাপা উত্তেজনা ছড়িয়েছে ভাঙড়ে। প্রতিবাদ-বিক্ষোভ নয়, চলছে গুন্ডামি। রাতভর পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ। তল্লাশিতে গ্রেফতার এখনও পর্যন্ত ৯ জন। তবে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও, কড়া নজরদারি রাখা হয়েছে।
গতকাল ভাঙড়ে নয়া ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে প্রতিবাদের বদলে চলে গুন্ডামি। সেই ঘটনায় সারারাত তল্লাশি চালিয়ে মোট ৯ জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এর মধ্যে তিনজনকেই রাতে গ্রেফতার করা হয়। গভীর রাতে তল্লাশি চালিয়ে আরও বাকি ছজনকে গ্রেফতার করা হয়েছে। হিংসা ছড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া, সরকারি -সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাদের।
সোমবারের গণ্ডগোলের পর আজ মঙ্গলবারও থমথমে পরিস্থিতি গোটা এলাকাজুড়ে। চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে পুড়ে যাওয়া বাইক,পুলিশ ভ্যান। এই মুহূর্তে সেগুলি সরানোর কাজ শুরু হয়েছে। তবে চাপা উত্তেজনা রয়েছে এলাকায়। পুলিশের দাবি, এখন পরিস্থিতি স্বাভাবিক। রয়েছে কড়া পুলিশি নজরদারি।
উল্লেখ্য, নয়া সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তেজনা ছড়িয়েছিলো দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের ভোজেরহাট এলাকায়। পুলিশের বিরুদ্ধে কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ, আইএসএফ কর্মীদের প্রতিবাদ-বিক্ষোভ। প্রতিবাদে বাসন্তী হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে ভাঙড় থানার পুলিশ। প্রায় দু’ঘণ্টা ধরে অবরুদ্ধ ভাঙড়ের বাসন্তী হাইওয়ে।
আরও পড়ুন – ওয়াকফ আইনের প্রতিবাদ ভাঙড়ে! পুলিশ-আইএসএফ সংঘর্ষ, অবরুদ্ধ বাসন্তী হাইওয়ে
সোমবার কলকাতায় রামলীলা ময়দানে আইএসএফের পক্ষ থেকে সংশোধিত ওয়াকফ বিলের বিরোধিতায় একটি প্রতিবাদ কর্মূসচির আয়োজন করা হয়েছিল। সেই কর্মসূচিতে যোগ দিতে ভাঙড় থেকে দলীয় কর্মীরা হাজির হচ্ছিলেন বলে খবর। আইএসএফ কর্মীরা অভিযোগ করেন, পুলিশ বাসন্তী হাইওয়েতে তাদের দেয়। যার জেরে ভাঙড়ের ভোজেরহাট এলাকায় শুরু হয় অশান্তি।
এলাকার তিন রাস্তার মোড় গার্ডরেল দিয়ে ঘিরে দেয় পুলিশকর্মীরা। সেখানেই রাস্তা অবরোধ-বিক্ষোভ শুরু করেন আইএসএফ কর্মীরা। পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয় আইএসএফ কর্মীদের। ছত্রভঙ্গ করতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। পুলিশ-আইএসএফের সংঘর্ষের কারণে বাসন্তী হাইওয়েতে প্রবল যানজটের সৃষ্টি হয়। চরম সমস্যায় পথ চলতি মানুষ জন। গতকালের পর আজও চাপা উত্তেজনা এলাকাজুড়ে।
আরও পড়ুন – মুর্শিদাবাদের পরিস্থিতি কেমন? সাংবাদিক বৈঠকে জানালেন জাভেদ শামিম
