মেট্রোয় শ্লীলতাহানির চেষ্টা, ক্ষুব্ধ যাত্রীদের জুতোপেটায় পুলিশের জালে যুবক
Connect with us

ভাইরাল খবর

মেট্রোয় শ্লীলতাহানির চেষ্টা, ক্ষুব্ধ যাত্রীদের জুতোপেটায় পুলিশের জালে যুবক

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ চলন্ত মেট্রোয় মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করায় চরম শাস্তির মুখে পড়লেন এক যুবক। সোমবার রাতে ব্লু লাইন মেট্রোর দক্ষিণেশ্বর-গামী একটি ট্রেনে এই ঘটনা ঘটে। অভিযোগ, ট্রেন চলাকালীন এক যুবক একাধিক মহিলা যাত্রীর গায়ে হাত দেন এবং অসভ্য আচরণ করেন। প্রতিবাদে রীতিমতো ফুঁসে ওঠেন মহিলা যাত্রীরা। কুঁদঘাট স্টেশনে ট্রেন থামতেই তাঁরা অভিযুক্তকে টেনে নামিয়ে এনে জুতোপেটা করেন এবং পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, রাত প্রায় ৯টা নাগাদ ঘটনাটি ঘটে। মেট্রো ট্রেনটি তখন রবীন্দ্র সরোবর স্টেশন অতিক্রম করে কুঁদঘাটের দিকে যাচ্ছিল। সেই সময় কয়েকজন মহিলা যাত্রী অভিযোগ তোলেন, এক যুবক তাঁদের গায়ে হাত দিয়েছেন এবং অসংযত মন্তব্য করছেন। বিষয়টি নিয়ে ট্রেনের মধ্যেই শুরু হয় উত্তেজনা ও বচসা।

আরও পড়ুনঃ স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ! প্রকাশ্যে মার, ভাইরাল ভিডিও, চাঞ্চল্য কালিয়াগঞ্জে

যুবক কোনও কৈফিয়ত না দেওয়ায় ক্ষোভে ফেটে পড়েন মহিলা যাত্রীরা। ট্রেন কুঁদঘাট স্টেশনে ঢুকতেই তাঁরা অভিযুক্তকে টেনে নামিয়ে এনে চড়-থাপ্পড় মারতে থাকেন। এক মহিলা প্রত্যক্ষদর্শীর দাবি, “ওই ব্যক্তি প্রথমে পালাতে চেয়েছিল। কিন্তু আমরা কেউ ওকে ছাড়িনি। সাহস করে দৃষ্টান্ত স্থাপন করেছি।” একাধিক মহিলা অভিযোগকারী বলেন, তাঁরা ওই যুবকের অভব্য আচরণে আতঙ্কিত ও ক্ষুব্ধ ছিলেন, তাই সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছেন।

Advertisement
ads

ঘটনার খবর পেয়ে কুঁদঘাট স্টেশনে ছুটে আসেন আরপিএফ জওয়ানরা। অভিযুক্তকে আটক করে রিজেন্ট পার্ক থানার হাতে তুলে দেওয়া হয়। মহিলারা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন।

মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের তরফে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে এবং স্থানীয় থানাকে বিষয়টি জানানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ করা হবে বলেও আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা ফের একবার মেট্রোযাত্রায় মহিলা নিরাপত্তার বিষয়টি সামনে এনে দিল। আইন রক্ষাকারী সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, এ ধরনের ঘটনা প্রতিরোধে ট্রেন ও স্টেশনে নজরদারি আরও বাড়ানো হবে।

Continue Reading
Advertisement