খুন
প্রেমিকের দাবি মিথ্যা! প্রত্যক্ষদর্শীর বয়ানে উঠে এল নতুন তথ্য, বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যুর
ডিজিটাল ডেস্কঃ শিলিগুড়ির নাবালিকার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য বাড়ছে। তদন্তে নেমে পুলিশ গ্রেপ্তার করেছে কিশোরীর প্রেমিক রোহিত রায় ও আরেক নাবালককে। তাদের জিজ্ঞাসাবাদে উঠে এসেছে একাধিক অসঙ্গতি।
মঙ্গলবার বিকেলে কিশোরী বাড়ি থেকে বেরিয়েছিল বান্ধবীদের সঙ্গে তিনবাত্তি মোড়ে বিরিয়ানি খেতে যাওয়ার কথা বলে। কিন্তু দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। পরিবারের লোকজন খোঁজ শুরু করতেই সন্ধ্যার দিকে হঠাৎ কিশোরীর প্রেমিক রোহিত ফোন করে জানায়, মেয়েটির অবস্থা আশঙ্কাজনক। কিছুক্ষণের মধ্যেই সে মৃত কিশোরীকে বাড়িতে নিয়ে আসে। পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
প্রথম থেকেই নাবালিকার মৃত্যুকে ঘিরে সন্দেহ দানা বাঁধতে থাকে। রোহিত জানায়, সে নাবালিকাকে উত্তরকন্যার কাছে জঙ্গলের ধারে পড়ে থাকতে দেখে উদ্ধার করেছে। কিন্তু কীভাবে সে সেখানে পৌঁছল, তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। ঘটনার প্রত্যক্ষদর্শী এক মহিলার বয়ানে বিষয়টি আরও জটিল হয়ে ওঠে। ওই প্রত্যক্ষদর্শীর দাবি, তিনি দেখেছিলেন, রোহিত বুকে চেপে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে, যার শরীর তখনই হলুদ হয়ে গিয়েছিল। এই বিবরণ রোহিতের আগের দাবির সঙ্গে মেলেনি।
আরও পড়ুনঃ বিরিয়ানি খেতে গিয়ে রহস্যমৃত্যু, জঙ্গল থেকে উদ্ধার কিশোরীর দেহ
নাবালিকার পরিবারের দাবি, তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দেহে একাধিক কালসিটের চিহ্ন ও আঘাতের দাগ রয়েছে বলে জানা গেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হবে।
এদিকে, কিশোরীর মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয়রা। মৃতার মা তিনি অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়ে বলেন, “আমার মেয়ের সঙ্গে যারা এই অন্যায় করেছে, তাদের ফাঁসি চাই।”
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। কিশোরীর মৃত্যুর আসল কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে প্রশাসন।
