ভাইরাল খবর
সুশান্ত মামলা নিয়ে সিবিআইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত, রিয়াকে ক্লিন চিট
ডিজিটাল ডেস্কঃ ২০২০ সালের ১৪ জুন মুম্বইয়ের বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে। শুরুতে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও পরে হত্যা সন্দেহে তদন্ত শুরু করে সিবিআই। দীর্ঘ পাঁচ বছর পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের চূড়ান্ত রিপোর্টে নিশ্চিত করেছে, সুশান্ত আত্মহত্যা করেছিলেন, এর পেছনে কোনও ষড়যন্ত্র ছিল না। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত রিয়া চক্রবর্তীকে সম্পূর্ণ মুক্তি দিয়েছে সিবিআই।
এ নিয়ে সুশান্তের পরিবারের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেলেও অভিনেত্রীর আইনজীবী সতীশ মানেশিন্ডে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তদন্তকারী সংস্থার প্রতি। তিনি বলেন, “সিবিআই অত্যন্ত নিখুঁতভাবে তদন্ত করেছে এবং সত্য সামনে এনেছে। পাঁচ বছর ধরে রিয়া ও তাঁর পরিবার যে অযৌক্তিক অভিযোগের সম্মুখীন হয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।”
আরও পড়ুনঃদীর্ঘ তদন্তের পর সুশান্ত মামলার সমাপ্তি, আত্মহত্যার কারণ নিশ্চিত
এদিকে, সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের অস্বাভাবিক মৃত্যু নিয়ে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন তাঁর বাবা সতীশ সালিয়ান। তিনি আদালতে আবেদন করেছেন, যাতে সিবিআই আবার এই মামলার দায়িত্ব নেয়। পাশাপাশি, তৎকালীন মন্ত্রী আদিত্য ঠাকরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্যও অনুরোধ জানিয়েছেন তিনি।
অন্যদিকে, সুশান্তের মৃত্যুর পর সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়া পরিচালক মহেশ ভট্টের মেয়ে পূজা ভট্ট এবার সরব হয়েছেন। তিনি অভিনেতা অক্ষয় কুমারের পুরনো একটি টুইট তুলে ধরে ইঙ্গিত দিয়েছেন, সত্য অবশেষে সামনে এসেছে। অক্ষয় সেই সময় লিখেছিলেন, “সত্য সামনে আসবেই।” পূজা সেই পোস্ট পুনরায় শেয়ার করে লিখেছেন, “সিবিআই নিশ্চিত করেছে, এটি আত্মহত্যা ছিল এবং রিয়া সম্পূর্ণ মুক্তি পেয়েছেন। আশা করি, সত্যিটা এবার সামনে এসেছে।”
এই ঘটনায় বলিউডের অন্দরে নতুন করে সমীকরণ বদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন অনেকে। এতদিন যাঁরা রিয়ার বিরুদ্ধে ছিলেন, তাঁদের অনেকে এখন আর মুখ খুলছেন না। তবে সুশান্তের অনুরাগীদের একাংশ এখনও এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না এবং নতুন করে তদন্তের দাবি তুলেছেন।
