স্বাস্থ্য
দীর্ঘ তদন্তের পর সুশান্ত মামলার সমাপ্তি, আত্মহত্যার কারণ নিশ্চিত
ডিজিটাল ডেস্কঃ প্রায় পাঁচ বছর পর, সিবিআই আদালতে জমা দিল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর চূড়ান্ত রিপোর্ট। বলিউড তারকার আকস্মিক মৃত্যুর ঘটনায় আত্মহত্যার তত্ত্বই নিশ্চিত করল কেন্দ্রীয় সংস্থা।
২০২০ সালের ১৪ জুন, বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ। যদিও ঘটনাস্থলে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি, তবুও প্রাথমিকভাবে একে আত্মহত্যা হিসেবেই চিহ্নিত করা হয়েছিল। পরে, তাঁর পরিবারের পক্ষ থেকে রিয়া চক্রবর্তীসহ কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা ও প্রতারণার অভিযোগ দায়ের করা হয়। বিহার সরকারের সুপারিশে কেন্দ্রীয় সরকার তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেয়, যা সুপ্রিম কোর্টও অনুমোদন করে।
আরও পড়ুনঃ দিশা সালিয়ানের মৃত্যু হত্যা নাকি দুর্ঘটনা? নতুন তদন্তের দাবি করলেন বাবা!
সুশান্তের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের রহস্যজনক মৃত্যু আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তাঁর বাবা সতীশ সালিয়ান নতুন করে এফআইআর-এর দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন। অনেকের মতে, দিশার মৃত্যুর সঙ্গে সুশান্তের মৃত্যুর কোনো না কোনো যোগসূত্র থাকতে পারে।
সুশান্তের কাকা নীরজ কুমার সিং বাবলু মহারাষ্ট্র সরকারকে এই মামলার পুনঃতদন্তের অনুরোধ জানিয়েছেন। তাঁর দাবি, দিশার মৃত্যু ও সুশান্তের মৃত্যুর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, যা এখনো পুরোপুরি উন্মোচিত হয়নি। যদিও সিবিআই-এর চূড়ান্ত রিপোর্ট আত্মহত্যার তত্ত্বকে সমর্থন করেছে, তবুও অনেকের মনেই এখনও নানা প্রশ্ন রয়ে গেছে।
