সোশ্যাল মিডিয়া
সুশান্তের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন বার্তা দিদি শ্বেতার
ডিজিটাল ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) অকাল মৃত্যু এখনও তাঁর অনুরাগীদের মনে এক গভীর ক্ষত হয়ে রয়েছে। আজ, ১৪ই জুন, সুশান্ত সিং রাজপুতের পঞ্চম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এই দিনেই মুম্বইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে সুশান্তের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। মৃত্যুর কারণ আজও রহস্যের পর্দায় ঢাকা। তবে তাঁর মৃত্যুর তদন্ত এখনও চলছে। সিবিআই (CBI) ইতিমধ্যেই রিপোর্ট আদালতে জমা দিয়েছে এবং সেই রিপোর্ট সংগ্রহের চেষ্টা চলছে বলে পরিবারের পক্ষ থেকে জানা গিয়েছে।
এদিন সুশান্তের দিদি শ্বেতা সিং কীর্তি (Shweta Singh Kirti) এক আবেগঘন পোস্টে ভাইকে স্মরণ করেছেন। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্বেতা লিখেছেন, ‘‘আজ অনেক বছর পেরিয়ে গেলেও আমাদের সুশান্ত আমাদের মাঝেই রয়েছেন। ভাইয়ের নাম যেন কখনও কোনো নেতিবাচকতার সঙ্গে যুক্ত না হয়। ও এমন ছিল না। ভাইয়ের উত্তরাধিকার হল ভালবাসা, সরলতা আর শেখার অদম্য ইচ্ছা। ওর নামের সঙ্গে যেন শুধু ইতিবাচকতার আলো ছড়িয়ে পড়ে।’’
View this post on Instagram
আরও পড়ুনঃতেল আভিভে ইরানের পালটা মিসাইল হামলা, জেরুজালেম কেঁপে উঠল বিস্ফোরণে
শ্বেতা আরও লিখেছেন, ‘‘সুশান্তের হাসি আর ওর চোখের শিশুসুলভ সারল্যই ছিল ওর আসল পরিচয়। আজও আমরা যখন কারও প্রতি নিঃস্বার্থ ভালবাসা দেখাই, যখন নতুন কিছু শেখার প্রতি আগ্রহী হই, যখন শিশুর মতো জীবনকে গ্রহণ করি—সেই মুহূর্তে সুশান্ত আমাদের মাঝেই ফিরে আসে।’’
তিনি অনুরাগীদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, ‘‘ভাইয়ের নাম কখনও কোনো ভুল পথে ব্যবহার করো না। ও এটা চাইত না। আমাদের সুশান্তের নাম হোক ভালবাসা, শিক্ষা আর মানবতার প্রতীক। ওর মতো মহান মানুষের উত্তরাধিকার মৃত্যুর পর আরও ছড়িয়ে পড়ে, কারণ তাদের ব্যক্তিত্বের শক্তি প্রজন্মের পর প্রজন্মে মানুষের মন ছুঁয়ে যায়।’’
সুশান্তের মৃত্যু নিয়ে এখনও দেশের বিভিন্ন মহলে নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। তবে দিদির মতে, যাই হোক না কেন, বিশ্বাস হারানো চলবে না—ঈশ্বরে এবং ভালত্বে। শ্বেতার এই পোস্ট ভাইয়ের জন্য তাঁর অন্তরের গভীর ভালবাসা এবং ন্যায়ের লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকারই যেন আরও একবার মনে করিয়ে দিল।
