কলকাতা
আরজি কর কান্ড! সিবিআইয়ের জেরার মুখোমুখি হাসপাতালের চার নার্স
নিউজ ডেস্ক: ফের তদন্তে কি নয়া মোড় নিচ্ছে আরজি করের মামলা! এদিন বৃহস্পতিবার সিবিআইয়ের সিজিও কমপ্লেক্সে তলব করা চার জন নার্সকে। আরজি করে নৃশংস ঘটনা অর্থাৎ ৯ অগাস্ট রাতে কি হয়েছিল ওই তরুণীর সঙ্গে? কি কি জানেন তারা সেই রাতের বিষয়ে?
এই নিয়েই আরজি করে নির্যাতিতা তরুণী চিকিৎসকের খুন ও ধর্ষণ মামলায় এবার সিবিআইয়ের জেরার মুখোমুখি হাসপাতালের চারজন নার্স। সূত্রের খবর, আজ হাজিরা দেন চারজন নার্সই। তবে হাজিরা দিয়ে বেরনোর পর সংবাদমাধ্যমের কাছে চারজনের কেউই মুখ খুলতে চাননি। ফের প্রশ্ন, তাহলে কি সোমবার হাই কোর্টের শুনানির আগে তদন্তে গতি আনল সিবিআই?
আরও পড়ুন – সাতমাস পর একটু হলেও স্বস্তি! মেয়ের ডেথ সার্টিফিকেট পেলেন অভয়ার বাবা-মা
আরজি কর কাণ্ডের ৭ মাস অতিক্রান্ত। ধর্ষণ-খুন কাণ্ডে দোষী সাব্যস্ত করার পর যাবজ্জীবন কারাদণ্ড অর্থাৎ আমৃত্যু কারাবাস হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রাই-এর। কিন্তু, ঘটনার তদন্ত এখনও চলছে।
এদিকে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সুপ্রিম কোর্টে চলা মামলা, হাই কোর্টে নিয়ে আসা নিয়ে শীর্ষ আদালতে আবেদন করেন অভয়ার বাবা-মা। শীর্ষ আদালত হাইকোর্টে সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছে। আগামী সোমবার সেই সংক্রান্ত মামলার শুনানি হবে হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এসলাজে। তাঁর আগেই হাসপাতালের চার নার্সকে তলব করলো সিবিআই। এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন – তদন্তে গাফিলতির অভিযোগ! সুপ্রিম নির্দেশে সোমে ফের আরজি কর মামলার শুনানি
