রাজ্যের খবর
শীতলকুচির ১২৬ নম্বর বুথে শেষ দফার সঙ্গে পুনরায় ভোট নেওয়া হচ্ছে
নিউজ ডেস্ক , ২৯ এপ্রিল : বৃহস্পতিবার পুনরায় ভোট নেওয়া হল কোচবিহারের শীতলকুচির ১২৬ নম্বর বুথে। কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি নিরাপত্তায় রয়েছে রাজ্য পুলিশও। উল্লেখ্য গত ১০ এপ্রিল জোড়পাটকির ওই বুথে বাহিনীর গুলিতে নিহত হন সমিউল মিয়াঁ, মণিরুল মিয়াঁ, হামিদুল মিয়াঁ এবং নুর ইসলাম মিয়াঁ নামে ৪ স্থানীয় বাসিন্দা।
তার জেরে ওই দিন বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। শীতলকুচি-কাণ্ডের তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। শীতলকুচির ঘটনার প্রায় ১৯ দিনের মাথায় আবারও ভোটগ্রহণ হল ওই বুথে। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত। নির্বাচন কমিশন সূত্রে জানা গিযেছে, শীতলকুচির ১২৬ নম্বর বুথ অর্থাৎ জোড়পাটকির আমতলি মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর ৪ জওয়ান। রয়েছেন রাজ্য পুলিশের এক সদস্যও। এ ছাড়াও আছে কুইক রেসপন্স টিম। দায়িত্বে রয়েছেন পুলিশ, সাধারণ এবং অতিরিক্ত মোট এই ৩ পর্যবেক্ষক। তাঁদের আগেই নিযুক্ত করেছিল কমিশন। শীতলকুচি-কাণ্ডে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সেই তদন্তে তলব করা হয়েছে ওই ৩ পর্যবেক্ষককেও। সে কারণেই আগের নিযুক্ত ৩ পর্যবেক্ষককে এ বারও ওই বুথের দায়িত্বে রেখেছে কমিশন।
