দেশের খবর
রাজধানীতে ৫০০০ পাকিস্তানির বাস! দিল্লি পুলিশের কাছে তালিকা পৌঁছে দিল IB
নিউজ ডেস্ক: ভূস্বর্গে জঙ্গিদের হামলার পর থেকে ভারত সরকার ভীষণ ভাবে ক্ষুব্ধ। এই নৃশংস হত্যালীলা কোনওভাবে বরদাস্ত করা যাবে না বলে জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। তারপর থেকেই লাগাতার অ্যাকশন নিয়ে কেন্দ্র। মঙ্গলবারের জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলায় ২৭ জন নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৬ জনই ছিলেন পর্যটক।
গোয়েন্দা রিপোর্টের তথ্যনুযায়ী, গত মঙ্গলবার জঙ্গিদের ওই হামলায় স্থানীয় কয়েকজন জঙ্গি জড়িত থাকার অভিযোগ উঠেছে , শুধু তাই নয় বাকিরা সন্ত্রাসীরা পাকিস্তান থেকে এদেশে এসেছিল। কাশ্মীরের পহেলগাঁওয়ে ওই জঙ্গিহানার পর থেকে ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক স্তরে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।
পাকিস্তানিদের ভিসা বাতিল, সিন্ধু চুক্তি স্থগিত -সহ বেশ কিছু পদক্ষেপ করেছে দিল্লি। তারপর থেকেই ভারতে থাকা প্রবাসী পাকিস্তানিরা যাত্রী সীমান্ত হয়ে পাকিস্তানে ফিরে যেতে শুরু করেছেন। পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলা পরবর্তী সময়ে পাকিস্তানিদের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
কূটনৈতিক, চিকিৎসা এবং দীর্ঘমেয়াদি ভিসা ছাড়া অন্য ভিসা গুলির মেয়াদ রবিবার শেষ হচ্ছে এবং চিকিৎসা সংক্রান্ত ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী মঙ্গলবার ২৯ তারিখ। তবে এরই মধ্যে জানা গেল, ভারতের রাজধানী দিল্লিতে প্রায় ৫০০০ পাকিস্তানি নাগরিক বাস করছেন।
আরও পড়ুন – পহেলগাঁও হামলার প্রতিশোধ! গুড়িয়ে দেওয়া হল ৯ জঙ্গির বাড়ি
এই সমস্ত পাকিস্তানি নাগরিকদের একটি তালিকা তৈরি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো। ইতিমধ্যেই সেই তালিকা দিল্লি পুলিশের কাছে পৌঁছে দিয়েছে আইবি। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, যে পাকিস্তানি হিন্দুরা দীর্ঘমেয়াদি ভিসায় দেশে রয়েছেন, তাদের নাম নেই এই তালিকায়।
আইবি-র এক আধিকারিক জানিয়েছেন, পাকিস্তানিদের এই তালিকা যাচাই করা এবং পাকিস্তানিরা নিজেদের দেশে ফিরছেন কি না! তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট জেলাগুলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, মধ্য এবং উত্তর পূর্ব দিল্লিতে সবচেয়ে বেশি পাকিস্তানির বাস। এনিয়ে ইতিমধ্যে দিল্লি পুলিশের সঙ্গে একটি বৈঠক করেছে আইবি। তালিকা অনুসারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে দিল্লি পুলিশকে।
আরও পড়ুন – পহেলগাঁওয়ে হত্যার সময় কি বলেছিল জঙ্গিরা? মৃতদের বাড়িতে NIA আধিকারিকরা
