জেলার খবর
নিকাশি নালা থেকে উদ্ধার মানব ভ্রূণ, শিউরে ওঠা দৃশ্য বাঁকুড়ায়
নিউজ ডেস্ক: ফের অমানবিকতার ছবি বাঁকুড়া শহরে। সকাল বেলা শিউরে ওঠার মতো দৃশ্য। হাইড্রেনের ওপর মানব ভ্রূন উদ্ধার, চাঞ্চল্য এলাকাজুড়ে। এদিন সকাল বেলা স্থানীয় লোকজন মানুষের দেহের ভ্রূণ দেখতে পায় বলে খবর। শনিবার সকালে বাঁকুড়ার সতীঘাট এলাকার এক নিকাশি নালা থেকে একটি মানব ভ্রূণ উদ্ধার করল পুলিশ।
বাঁকুড়া শহরের অন্যতম ব্যস্ত এলাকা বলে পরিচিত এই সতীঘাট। সেখানেই সকাল বেলা শিউরে ওঠার মতো দৃশ্য। স্বাভাবিকভাবে মানব ভ্রূণ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। হাইড্রেনে ওপর উপুড় হয়ে পড়ে রয়েছে ছোট্ট গোল মাথা, পিঠে ঘষা দাগ, চাপ চাপ রক্ত। তাঁর চারপাশে ভনভন করছে মাছি। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটিকে উদ্ধার করে নিয়ে যায়। ভ্রূণটির বয়স আনুমানিক ৭-৮ মাস হতে পারে বলে অনুমান এলাকার বাসিন্দাদের।
আরও পড়ুন – মালদহ থেকে কলকাতায় বেআইনি অস্ত্র! এসটিএফের জালে ধৃত দুই যুবক
শনিবার সকাল বেলা হঠাৎই ওই এলাকার এক দোকানদার হাইড্রেনে একটি মানব ভ্রূণ পড়ে থাকতে দেখেন। তাতেই খবর ছড়িয়ে পরে । হইচই শুরু হয় এলাকায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়।
ওই স্থানীয় বাসিন্দা রীতা দত্তের কথায়, আজ সাত সকালে এভাবে এক শিশুকে নালায় পড়ে থাকতে দেখে আমরাও হতবাক। কিভাবে এল এই ভ্রূণ? কেই বা ফেলে রেখে গেল? কিছুই জানা যাচ্ছে না। হতে পারে কোনও কুমারী মা হয়তো ফেলে দিয়েছেন। আবার অন্য কোনও কারণও থাকতে পারে।
প্রসঙ্গত, এর আগে সোনামুখী ও বিষ্ণুপুরে মানব ভ্রূণ উদ্ধার হয়েছিল। এবার বাঁকুড়া শহরে। এলাকার লোকজনের অনুমান, ভ্রূণটি অন্য কোথাও থেকে জলের তোড়ে ভেসে এসেছে।
