ডিজিটাল ডেস্কঃ আর জি কর মেডিকেল কলেজে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় নতুন মোড়। বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Justice Tirthankar Ghosh) জানিয়ে দিলেন, তিনি এই মামলা থেকে সরে দাঁড়াচ্ছেন। ফলে মামলাটি ফের প্রধান বিচারপতির (Chief Justice) বেঞ্চে চলে গেল।
প্রসঙ্গত, অভয়া কাণ্ড নিয়ে একাধিক মামলা চলছে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে। নির্যাতিতার পরিবারের তরফে নতুন করে তদন্তের আবেদন শোনা হচ্ছিল বিচারপতি ঘোষের বেঞ্চে। তবে তিনি স্পষ্ট জানান, এই মামলা ইতিমধ্যেই বিচারপতি দেবাংশু বসাকের (Justice Debangshu Basak) ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে। তাই বিষয়টি একইসঙ্গে দুই জায়গায় বিচারাধীন থাকা উচিত নয়। এই যুক্তি দেখিয়েই তিনি মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি করে কর্তব্যরত অবস্থায় নির্মমভাবে ধর্ষিত ও খুন হন এক তরুণী চিকিৎসক। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় রাজ্যে। প্রথমে কলকাতা পুলিশ সঞ্জয় রায় নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তদন্তভার নেয় সিবিআই (CBI)। পুলিশের তদন্তকে মান্যতা দিলেও, এখনও পর্যন্ত সঞ্জয় ছাড়া আর কাউকে গ্রেপ্তার করা হয়নি। আদালত অবশ্য ইতিমধ্যেই তাকে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে।
Advertisement
তবে এই রায়ে সন্তুষ্ট নয় একাংশ সাধারণ মানুষ ও রাজ্য প্রশাসন। অনেকের মতে, ঘটনায় আরও গভীর ষড়যন্ত্রের দিক তদন্তের আর্জি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। এবার বিচারপতি ঘোষ সরে দাঁড়ানোয়, মামলার ভবিষ্যৎ দিক কোন পথে এগোয়, তা নজরে রাখবে গোটা রাজ্য।