খুন
দুষ্কৃতী হামলায় প্রাণ গেল যুবকের, পুলিশ নিষ্ক্রিয়তায় ক্ষোভে ফুঁসছে গ্রামবাসী
ডিজিটাল ডেস্কঃ দুষ্কৃতী আতঙ্কে অতিষ্ঠ মালদার সেকেন্দারপুর গ্রামবাসীদের রাত পাহারা যেন হয়ে উঠল মৃত্যুফাঁদ। মঙ্গলবার গভীর রাতে গ্রামে পাহারা দিতে গিয়ে এক যুবক নিহত ও অপর এক কিশোর গুরুতর জখম হয়। ঘটনার পরে উত্তাল হয়ে ওঠে ইংরেজবাজার থানার অমৃতি এলাকার জনজীবন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে এলাকায় দুষ্কৃতী কার্যকলাপ ক্রমশ বেড়ে চলায় আতঙ্কে ছিলেন সাধারণ মানুষ। পুলিশের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ হয়ে গ্রামবাসীরাই নিজেরা নিরাপত্তার দায় নেন। গঠিত হয় স্বেচ্ছাসেবী রাত পাহারার দল। মঙ্গলবার রাত ১টা নাগাদ সেই দলেই ছিল শিবু মণ্ডল (২৭) ও সূর্য মণ্ডল (১৫)। তখনই আচমকা গ্রামে ঢুকে পড়ে কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি।
আরও পড়ুনঃ পহেলগাঁও হামলায় বাংলার তিন পর্যটকের নৃশংস হত্যাকাণ্ড, নিহতদের মধ্যে সরকারি কর্মচারীও
প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্দেহভাজনদের জেরা করতে গেলে আচমকাই তারা ধারাল অস্ত্র বার করে হামলা চালায়। ঘটনাস্থলেই গুরুতর জখম হন শিবু ও সূর্য। রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। সেখানে শিবুকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। সূর্য বর্তমানে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ইংরেজবাজার থানার পুলিশ। শুরু হয় তল্লাশি অভিযান। তবে এই ঘটনার পর পুলিশ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। বুধবার সকাল থেকেই তাঁরা মালদা-মানিকচক রাজ্য সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত পুলিশের টহল না থাকায় এমন মর্মান্তিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই একটি বিশেষ দল গঠন করেছে মালদা জেলা পুলিশ। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
