ভাইরাল খবর
রায়গঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেপ্তার, পারিবারিক বিবাদে মারধরের অভিযোগ
ডিজিটাল ডেস্কঃ আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম বিপ্লব মণ্ডল (Biplab Mondal), বয়স ১৮ বছর, বাড়ি রায়গঞ্জের রায়পুরের গোলুইসরা এলাকায়। শনিবার রাতে রূপাহার (Rupahar) এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোলুইসরা এলাকায় একটি পারিবারিক বিবাদের জেরে বিপ্লবসহ আরও তিন যুবক ঘটনাস্থলে গিয়ে ব্যাপক বচসা ও মারধরের ঘটনা ঘটায়। অভিযোগ, ওই সময় বিপ্লব আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয় দেখায় এবং অরগেন বর্মন (Organ Barman) নামে এক ব্যক্তিকে মারধর করে।
আরও পড়ুনঃ মন্দিরে যেতে গিয়ে খালে পড়ল গাড়ি, উত্তরপ্রদেশে ৭ শিশুসহ ১১ জনের করুণ মৃত্যু
ঘটনার পর অরগেন বর্মন রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রথমে ঠিয়াকু বর্মন (Thiyaku Barman) এবং বাবান বর্মন (Baban Barman) নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। জেরার সময় ধৃতদের বয়ান থেকে বিপ্লব মণ্ডলের নাম উঠে আসায়, পুলিশ তৎপর হয়ে শনিবার রাতে রূপাহার এলাকা থেকে তাকে আটক করে।
পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধে তদন্ত চলছে এবং তাদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।
