উত্তর দিনাজপুর
ব্যুরো ক্র্যাটস অফ ইন্ডিয়ার প্রকাশিত তালিকায় স্থান পেলেন, উত্তর দিনাজপুরের জেলাশাসক আইএএস সুরেন্দ্র কুমার মীনা
নিউজ ডেস্ক : গোটা দেশের মধ্যে টপ ব্যুরো ক্র্যাটসের তালিকা প্রকাশ করল ব্যুরো ক্র্যাটস অফ ইন্ডিয়া৷ সেই তালিকায় স্থান পেলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক আইএএস সুরেন্দ্র কুমার মীনা। এই টপ ব্যুরো ক্র্যাটস তালিকায় বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতার জন্য গোটা ভারতবর্ষের ২৪ জন অফিসার কে বেছে নেওয়া হয়েছে। মূলতঃ কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই, মহা কুম্ভ সুষ্ঠুভাবে পরিচালনা করা, বিমানবন্দরে আধুনিকীকরণ, ২০২৪ এর লোকসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, হেল্থ কেয়ার সহ বিভিন্ন ক্যাটাগরির ভিত্তিতে এই ২৪ জনকে তালিকা ভুক্ত করা হয়েছে।
২০২৪ সালে দেশের মধ্যে বিশেষ অবদানের জন্য এভাবেই স্বীকৃতি পেলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। প্রসঙ্গতঃ প্রতিবছরই ব্যুরো ক্র্যাটস অফ ইন্ডিয়ার পক্ষ থেকে Top 24 changemakers কে বেছে নেওয়া হয়। যারা তাদের নেতৃত্ব, নীতিগত হস্তক্ষেপ এবং অটল প্রতিশ্রুতির মাধ্যমে মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হন। আমরা জানি, আমলাতন্ত্র একটি সরকারের মেরুদণ্ড হিসেবে কাজ করে। যা শেষ মাইল পর্যন্ত কল্যাণমূলক প্রকল্প এবং নীতিমালা পৌঁছে দেয়। আমলারা জনগণ এবং রাষ্ট্রের মধ্যে ব্যবধান কমিয়ে অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সেই অনুসারে আমলাতন্ত্রের সৃজনশীলতা, প্রগতিশীলতা এবং প্রযুক্তি সক্ষমতার ভিত্তিতে ব্যুরো ক্র্যাটস অফ ইন্ডিয়া এ ধরনের বিশেষ উদ্যোগ নিয়েছে। এবারে সেই তালিকায় উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনার নাম উঠে আসায় স্বভাবতই খুশির আবহ উত্তর দিনাজপুর জেলা বাসীর মধ্যে। জানা গিয়েছে, উত্তর দিনাজপুরে জেলা সমাহর্তার দায়িত্ব নেওয়ার পর থেকে জেলাকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে গিয়েছেন উত্তর দিনাজপুরের জেলাশাসক সুরেন্দ্র কুমার মীনা। সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন তিনি।
প্রাথমিক শিক্ষার অগ্রগতির জন্য তিনি চালু করেছেন জ্ঞানালয় প্রকল্প। যা প্রাথমিক শিক্ষার পরিকাঠামোকে অত্যাধুনিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। যার ফলস্বরূপ একশোটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়েছে। এরই পাশাপাশি করোনা কালে ভুটান সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন ভ্যাকসিন সরবরাহের জন্য। বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বিশেষ ভূমিকা গ্রহণ করেছেন তিনি। সুরেন্দ্র কুমার মীনা সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন। ইতিমধ্যে তার ঝুলিতে এসেছে একাধিক সাফল্য। এবারের সেই তালিকায় সংযোজন হল আরও একটি মাইলস্টোন।
