ভাইরাল খবর
থানার সামনেই মীনাক্ষীর গাড়ি ঘিরে ডিম-বৃষ্টি! ভিডিও দেখিয়ে পুলিশের কাছে গ্রেপ্তারের দাবি বাম নেত্রীর
ডিজিটাল ডেস্কঃ রাজ্যে বিরোধী নেতাদের লক্ষ্য করে ‘ডিম থেরাপির’ (Egg attack) বাড়বাড়ন্তের মাঝেই এবার কোচবিহারের শীতলকুচিতে ডিম হামলার মুখে পড়লেন ডিওয়াইএফআই তথা সিপিআইএম (CPIM) নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। মঙ্গলবার সকালে শীতলকুচি থানার সামনেই তাঁর গাড়ি লক্ষ্য করে একদল লোক পরপর ডিম ছুড়তে শুরু করে। এই ঘটনাকে কেন্দ্র করে শীতলকুচি বাজার এলাকায় তীব্র উত্তেজনা (Tension) ছড়ায়। হামলার পর মীনাক্ষী নিজের গাড়ি থেকেই ঘটনার ভিডিও রেকর্ড করে পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন এবং দ্রুত পদক্ষেপের আর্জি জানান।
দলীয় সূত্রে জানা গিয়েছে, গত রবিবার শীতলকুচির নগর সিঙিমারি গ্রামের বাসিন্দা তথা সিপিএম কর্মী মন্টু মিঞার রহস্যজনক দেহ উদ্ধার হয়। পরিবারের দাবি, তাঁকে পরিকল্পিতভাবে খুন (Murder) করা হয়েছে। ওই শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করতে কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায় ও স্থানীয় নেতা অলোকেশ দাসকে নিয়ে শীতলকুচিতে গিয়েছিলেন মীনাক্ষী। সেখান থেকে ফেরার পথেই শীতলকুচি চৌপথি এলাকায় তাঁর গাড়ি আটকে ডিম বৃষ্টি শুরু হয়। গাড়ির উইন্ডস্ক্রিনে একের পর এক ডিম ছোঁড়া হতে থাকে। মীনাক্ষী গাড়ি না সরিয়ে ঘটনাস্থলেই অনড় থাকেন এবং কর্তব্যরত পুলিশ কর্মীদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ (Resentment) প্রকাশ করে ফেসবুক লাইভে আসেন।
এই হামলার আঙুল বিজেপির (BJP) দিকে উঠলেও গেরুয়া শিবির অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির স্থানীয় নেতৃত্বের দাবি, একটি অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে সিপিএম এলাকায় রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করায় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ (Protest) জানিয়েছে। উল্লেখ্য, রাজ্যে বিরোধী নেতাদের হেনস্থা করতে এই ধরণের ডিম বা গোবর ছোঁড়ার প্রবণতার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) একটি জনস্বার্থ মামলাও (PIL) দায়ের হয়েছে। আদালত ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে, এই ধরণের ঘটনায় রাজ্যকে সরাসরি এফআইআর (FIR) দায়ের করতে হবে। আগামী ২০ জুলাই রাজ্য পুলিশের ডিজি ও কলকাতার সিপি-কে এ বিষয়ে হলফনামা দিতে বলেছে আদালত। কিন্তু সেই আইনি কড়াকড়ির মাঝেই শীতলকুচির এই ঘটনা নারী নিরাপত্তা ও গণতান্ত্রিক অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।
