ভাইরাল খবর
ঈদে দুই’দিনের ঘোষিত ছুটি বাতিল! নবান্ন থেকে জারি হলো সংশোধিত নতুন বিজ্ঞপ্তি
ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গে বকরি ইদ (Bakrid Eid) উপলক্ষে সরকারি ছুটির তালিকায় বড় পরিবর্তন আনল রাজ্য সরকার। আগে ঘোষিত দু’দিনের ছুটির বদলে এবার শুধুমাত্র একদিন ছুটি থাকবে বলে নতুন বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন (Nabanna)। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, আগামী ২৮ মে বৃহস্পতিবার বকরি ইদ পালিত হবে এবং ওই দিনই সরকারি ছুটি কার্যকর থাকবে।
অর্থ দফতরের (Finance Department) বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার এবং ২৭ মে বুধবার রাজ্যের সমস্ত সরকারি ও আধা-সরকারি অফিস খোলা থাকবে। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও স্বাভাবিক কাজ চলবে। শুধুমাত্র ২৮ মে ইদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
প্রসঙ্গত, পূর্বতন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে ইদ উপলক্ষে টানা দু’দিন ছুটি দেওয়ার রীতি চালু ছিল। নতুন বিজেপি (BJP) সরকার ক্ষমতায় আসার পর থেকেই অতিরিক্ত ছুটির সংস্কৃতিতে লাগাম টানার ইঙ্গিত মিলছিল। প্রশাসনিক সূত্রে দাবি, এবার কর্মসংস্কৃতি (Work Culture) ও পরিষেবা ব্যবস্থাকে গুরুত্ব দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে দুর্গাপুজোর দীর্ঘ ছুটি নিয়েও। আগের তালিকা অনুযায়ী, দুর্গাপুজোয় প্রায় ১৩ দিনের ছুটি থাকার কথা ছিল। তবে নতুন সরকার সেই তালিকায় কোনও পরিবর্তন আনে কি না, এখন সেদিকেই নজর সকলের।
যদিও প্রশাসনের একাংশের দাবি, ইদের প্রকৃত নির্ঘণ্ট ও চাঁদ দেখার সময়সূচি অনুযায়ীই ছুটির দিন পরিবর্তন করা হয়েছে। তবে রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমে নতুন সরকার স্পষ্ট বার্তা দিতে চাইছে—অতিরিক্ত ছুটির বদলে এবার কাজ ও প্রশাসনিক গতিকেই অগ্রাধিকার দেওয়া হবে।

