মুখ বন্ধ তৃণমূল, তবু ইঙ্গিত স্পষ্ট—বঞ্চনার প্রতিবাদে কি বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী?
Connect with us

রাজনীতি

মুখ বন্ধ তৃণমূল, তবু ইঙ্গিত স্পষ্ট—বঞ্চনার প্রতিবাদে কি বৈঠক এড়ালেন মুখ্যমন্ত্রী?

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: দিল্লিতে আয়োজিত নীতি আয়োগের (NITI Aayog) পরিচালন পরিষদের বৈঠকে হাজির ছিলেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি ভাবে রাজ্যের পক্ষ থেকে কোনও কারণ জানানো না হলেও, তৃণমূল কংগ্রেস (TMC) একপ্রকার ইঙ্গিতে বুঝিয়ে দিল, এর পেছনে রয়েছে কেন্দ্রের তরফে রাজ্যের প্রতি দীর্ঘদিনের আর্থিক বঞ্চনা।

শনিবার তৃণমূল ভবনে দলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “প্রধানমন্ত্রী হাত ধরে একসঙ্গে কাজ করার কথা বলেন ঠিকই, কিন্তু বাংলার বকেয়া টাকা কোথায়? একশো দিনের কাজের টাকা দেওয়া হয়নি। ৫৯ লক্ষ জব কার্ডধারীকে রাজ্য সরকার নিজস্ব তহবিল থেকে টাকা দিয়েছে। ১২ লক্ষ আবাস যোজনার বাড়ির টাকাও কেন্দ্র দেয়নি। সবটাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ঘাড়ে তুলে নিয়েছেন।”

আরও পড়ুনঃ পদত্যাগের জল্পনা নিছক নাটক, ইউনূস থাকছেন দায়িত্বে

তিনি আরও বলেন, “আমরা এখনই মুখ্যমন্ত্রীর না যাওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলছি না। যখন প্রয়োজন মনে করবেন, তখন মুখ্যমন্ত্রী নিজেই এ নিয়ে বক্তব্য রাখবেন। তবে এটুকু বলা যায়, কেন্দ্রীয় সরকার যদি সত্যিই সহযোগিতা চায়, তাহলে বাংলাকে এভাবে উপেক্ষা করা চলবে না।”

Advertisement
ads

উল্লেখ্য, আগের এক নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রী যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন, তা বেশ অস্বস্তিকর ছিল। অভিযোগ ছিল, তাঁকে সম্পূর্ণ বক্তব্য রাখার সুযোগ দেওয়া হয়নি, এমনকি মাঝপথে তাঁর মাইক্রোফোনও বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ঘটনার প্রতিবাদেই সে দিন বৈঠকের কক্ষ ত্যাগ করেছিলেন মুখ্যমন্ত্রী।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সেই ঘটনার পর থেকেই মুখ্যমন্ত্রীর মধ্যে সংশয় তৈরি হয় কেন্দ্রের সঙ্গে এই ধরনের আলোচনায় অংশগ্রহণ করা নিয়ে। ফলে এবারে, মোদীর নেতৃত্বাধীন বৈঠকে অনুপস্থিত থেকে কার্যত বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়— সহমতের ডাক দিলেই চলবে না, আগে প্রয়োজন সমান অধিকার ও প্রাপ্য সম্মান।

Continue Reading
Advertisement