আবহাওয়া
সপ্তাহ জুড়ে রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গে
ডিজিটাল ডেস্কঃ রাজ্যজুড়ে ফের সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই আংশিক মেঘলা আকাশের সঙ্গে গরম ও অস্বস্তিকর পরিবেশ দেখা যাচ্ছে। মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাগুলিতে ঝড়বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে বেশি হতে পারে। দমকা হাওয়ার গতিবেগ থাকবে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার।
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার ভোলবদল লক্ষণীয়। দার্জিলিং ও জলপাইগুড়িতে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কিছু এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হতে পারে মালদা, দিনাজপুর ও পাহাড়ি জেলাগুলিতে। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, দক্ষিণ আরব সাগর, মলদ্বীপ এবং বঙ্গোপসাগরের কিছু অংশে আগামী ২-৩ দিনের মধ্যে প্রবেশ করতে চলেছে মৌসুমী বায়ু। ফলে ধীরে ধীরে বর্ষা অগ্রসর হবে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের দিকে।
সবমিলিয়ে রাজ্যের উত্তরে ও দক্ষিণে একাধিক জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকায় আগামী কয়েকদিন সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বিশেষ করে বজ্রপাত ও দমকা হাওয়া চলাকালীন খোলা জায়গায় না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
