তিন দিনের অপেক্ষার অবসান, বিমান দুর্ঘটনায় মৃত বিজয় রূপানীর দেহ শনাক্ত
Connect with us

দুর্ঘটনা

তিন দিনের অপেক্ষার অবসান, বিমান দুর্ঘটনায় মৃত বিজয় রূপানীর দেহ শনাক্ত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: তিন দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে খোঁজ মিলল গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানী (Vijay Rupani)-র। গত বৃহস্পতিবার আহমেদাবাদের (Ahmedabad) মেঘানিনগরে ঘটে যাওয়া এয়ার ইন্ডিয়ার ভয়াবহ বিমান দুর্ঘটনায় তিনি ছিলেন বলেই নিশ্চিত হল প্রশাসন। সেই বিমানে মোট ২৪২ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যেই ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনার পর গোটা দেশ প্রায় ধরে নিয়েছিল, এই দুর্ঘটনা থেকে কেউই বেঁচে ফিরবেন না। কিন্তু শেষ পর্যন্ত অলৌকিকভাবে বেঁচে যান মাত্র একজন, ব্রিটিশ নাগরিক বিশ্বাস কুমার রমেশ (Vishwas Kumar Ramesh)। বাকিদের মধ্যে কেউই প্রাণে বাঁচেননি। রবিবার সকালে ডিএনএ পরীক্ষার মাধ্যমে বিজয় রূপানীর দেহ শনাক্ত করেন চিকিৎসকরা। এরপর পরিবারের হাতে তাঁর দেহ তুলে দেওয়া হয় সৎকারের জন্য।

আরও পড়ুনঃ ২৭ বছরের ব্যবধানে দু’টি দুর্ঘটনা, দুই বেঁচে যাওয়া, আশ্চর্য মিল! রহস্যের কেন্দ্রে ‘মিরাকল সিট’

সূত্রের খবর, বিজয় রূপানী দুই বার লন্ডন (London) যাওয়ার জন্য টিকিট বুক করেছিলেন। প্রথমবার ১৯ মে যাত্রার পরিকল্পনা ছিল এবং ফেরার টিকিট কাটা ছিল ২৫ জুন। কিন্তু বিশেষ কাজের জন্য সেই সফর বাতিল করেন তিনি। পরে ফের টিকিট কাটেন ৫ জুনের, তাও শেষ পর্যন্ত বাতিল হয়। শেষ পর্যন্ত তিনি যাত্রার দিন স্থির করেন ১২ জুন, যেদিন ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

Advertisement
ads

পিটিআই (PTI)-এর প্রতিবেদন অনুযায়ী, এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও ৩২ জনের দেহ শনাক্ত করা হয়েছে। তাঁদের মধ্যে ১৪ জনের দেহ ইতিমধ্যেই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

গোটা ঘটনায় শোকের ছায়া গুজরাট তথা দেশের রাজনৈতিক মহলে। প্রায় নিশ্চিত ধরা হয়েছিল যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তবে দেহ শনাক্ত করতে সময় লেগে যায়। রবিবার ডিএনএ রিপোর্ট মেলার পর নিশ্চিত হয় তাঁর মৃত্যুর খবর।