আমদাবাদের পর এবার কেদারনাথে কপ্টার দুর্ঘটনা, মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়
Connect with us

দুর্ঘটনা

আমদাবাদের পর এবার কেদারনাথে কপ্টার দুর্ঘটনা, মর্মাহত মমতা বন্দ্যোপাধ্যায়

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের দেশে নতুন করে ঘটে গেল আরও এক মর্মান্তিক দুর্ঘটনা। এবার উত্তরাখণ্ডে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনায় নেমে এল শোকের ছায়া। ঘটনায় প্রাণ হারিয়েছেন পাইলট-সহ মোট সাতজন। তাঁদের মধ্যে রয়েছেন এক শিশুও। দুর্ঘটনার পর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

উত্তরাখণ্ডের গৌরীকুণ্ড-গুপ্তকাশী-কেদারনাথ রুটে মঙ্গলবার সকালে এই মর্মান্তিক কপ্টার দুর্ঘটনা ঘটে। জানা গিয়েছে, ভোর ৫টা ১৭ মিনিট নাগাদ কেদারনাথ হেলিপ্যাড থেকে যাত্রা শুরু করে ওই হেলিকপ্টার। খারাপ আবহাওয়ার মধ্যেই কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। রুদ্রপ্রয়াগে জরুরি অবতরণের চেষ্টা করলেও ব্যর্থ হয় পাইলট। অবশেষে গৌরীকুণ্ডের জঙ্গলের মধ্যে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।

Advertisement
ads

হেলিকপ্টারে পাইলট সহ মোট ৭ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, দুর্ঘটনায় সকলেই প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে মহারাষ্ট্রের (Maharashtra) একই পরিবারের তিনজন ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে খবর। দুর্ঘটনার জন্য প্রশাসনের পাশাপাশি হেলিকপ্টার সংস্থার গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

ঘটনার পর উদ্ধারকারী দল পৌঁছে যায় দুর্ঘটনাস্থলে। প্রশাসনের উচ্চ পর্যায় থেকে শুরু হয়েছে তদন্ত। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এই দুর্ঘটনার খবর পৌঁছাতেই এক্স (প্রাক্তন টুইটার)-এ শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “খুবই দুঃখের সঙ্গে আবারও জানতে পারলাম একটি অসামরিক বিমান দুর্ঘটনার খবর। এবার ঘটনাস্থল উত্তরাখণ্ড (Uttarakhand)। কেদারনাথ-গৌরীকুণ্ড-গুপ্তকাশী রুটে এই দুর্ঘটনা ঘটেছে। হেলিকপ্টারে পাইলট, এক শিশু-সহ মোট সাতজন ছিলেন। উদ্ধারকাজ চলছে। সকলের জন্য প্রার্থনা করছি।”

সম্প্রতি বিমান এবং হেলিকপ্টার দুর্ঘটনা যেন পরপর দেশজুড়ে আতঙ্কের ছবি তৈরি করেছে। আমদাবাদ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন দুর্ঘটনা আরও একবার সুরক্ষা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।

Advertisement
ads
Continue Reading
Advertisement