তুমুল বৃষ্টিতে বাড়লো নদীর জলস্তর, বন্যা পরিস্থিতি মালদা জেলার বিভিন্ন ব্লকে
Connect with us

মালদা

তুমুল বৃষ্টিতে বাড়লো নদীর জলস্তর, বন্যা পরিস্থিতি মালদা জেলার বিভিন্ন ব্লকে

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সংবাদদাতা , মালদা , ২৮ মে : তুমুল বর্ষণে কোমর জলে ভাসলো মালদা শহরের রথবাড়ি বাজার। বৃহস্পতিবার বৃষ্টির পর শুক্রবারও জলমগ্ন হয়ে আছে মালদা শহরের বিভিন্ন এলাকা।

বাধ্য হয়ে সবজি ব্যবসায়ীরা রথবাড়ি এলাকায় রোডের একদিকের লেন দখল করে সবজি ও ফলমূলের বাজার বসিয়েছে। অন্যদিকে ঘটনার পরিস্থিতি সামাল দিতে শুক্রবার সকালে বাজার চত্বর পরিদর্শন করেন মালদা জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক জয়ন্ত কুন্ডু সহ ইংরেজবাজার পৌরসভার প্রতিনিধিরা। শহরের জমা জল বার করতে পথে নামলেন জেলাশাসক রাজর্ষি মিত্র এবং ইংরেজবাজার পৌরসভার প্রশাসক তথা সদর মহকুমাশাসক শেখর চৌধুরী। জল তড়িঘড়ি বের করার জন্য শহরের রবীন্দ্র ভবন এলাকায় জেসিবি মেশিন দিয়ে নালার মুখ পরিষ্কার করা হয়। অন্যদিকে ইয়াসের প্রভাবে টানাবৃষ্টির জেড়ে ধ্বস নামলো মহানন্দা নদীপাড় সংলগ্ন এলাকায়। বৃহস্পতিবার রাতে পুরাতন মালদা ব্লকের সাহাপুর এলাকায় মহানন্দা নদী বাঁধে আচমকা ধ্বস নামে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌছায় সেচ দপ্তরের কর্তা, সাহাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ অন্যান্য কর্তাব্যক্তিরা। অন্যদিকে তুমুল বৃষ্টির ফলে বেড়েছে নদীর জলস্তর। হরিশ্চন্দ্রপুর ১ এবং ২ নং ব্লকের বিভিন্ন জায়গায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। জল জমছে চাষের জমিতে। ফলে মাথায় হাত চাষিদের।হরিশ্চন্দ্রপুরের বিভিন্ন এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।পাশাপাশি ভারী বৃষ্টিতে চাঁচলের ব্লক পাড়ায় অধিকাংশ বাড়িতে জল ঢুকে পড়ায় চরম বিপাকে পড়তে হয় বাসিন্দাদের। এছাড়াও অরবিন্দপল্লী, ট‍্যান্ডেল পাড়া, হাসপাতাল পাড়া সহ একাধিক এলাকায় জল জমে যায়। জমা জলে দূষণ ও সংক্রমণের আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। এদিন জলমগ্ন এলাকা পরিদর্শনে যান বিধায়ক নীহাররঞ্জন ঘোষ ও পঞ্চায়েত সমিতির সদস্য অমিতেশ পান্ডে।