ভাইরাল খবর
সব্যসাচী দত্তের সোনা-কাণ্ডে ইডির অভিযান! খিদিরপুর-সহ ১২ জায়গায় তল্লাশি
ডিজিটাল ডেস্কঃ প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের (Sabyasachi Dutta) ফ্ল্যাট ও ব্যাঙ্ক লকার (Bank Locker) থেকে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনার তদন্তে এবার সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। শুক্রবার সকাল থেকেই কলকাতার (Kolkata) শর্ট স্ট্রিট, খিদিরপুর (Kidderpore), রাজারহাট-নিউটাউন, সল্টলেক-সহ রাজ্যের মোট ১২টি জায়গায় একযোগে তল্লাশি (Search Operation) চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
গত মাসে তোলাবাজির (Extortion) অভিযোগে সব্যসাচী দত্তকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তদন্তে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনা, একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিট (Fixed Deposit), নগদ অর্থ এবং প্রায় ৭৬ কোটি টাকার সোনা কেনার রসিদ উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সূত্রের দাবি। এছাড়াও তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত টিনা ভৌমিক সাহার বাড়ি থেকেও বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়েছিল বলে অভিযোগ।
ইডির প্রাথমিক তদন্তে মূলত খতিয়ে দেখা হচ্ছে, উদ্ধার হওয়া সোনা ও সম্পত্তি কোনও দুর্নীতি (Corruption), তোলাবাজি বা বেআইনি আর্থিক লেনদেনের (Illegal Financial Transaction) মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কেনা হয়েছিল কি না। তদন্তকারীদের দাবি, সব্যসাচী দত্তের ঘোষিত আয়ের সঙ্গে উদ্ধার হওয়া বিপুল সম্পদের সামঞ্জস্য পাওয়া যাচ্ছে না। সেই কারণেই সম্পদের উৎস, আর্থিক লেনদেন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
এর আগে রাজ্য পুলিশের দায়ের করা এফআইআর (FIR) সংগ্রহ করে প্রাথমিক অনুসন্ধান শুরু করেছিল ইডি। সেই তদন্তের সূত্র ধরেই শুক্রবারের এই বৃহৎ অভিযান। যদিও কেন্দ্রীয় সংস্থার তরফে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্তকারীদের আশা, এই তল্লাশি থেকে আর্থিক লেনদেন এবং সম্পত্তির উৎস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
