জেলার খবর
প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার উত্তর দিনাজপুর জেলার ডালখোলায়, তদন্তে পুলিশ
নিজস্ব সংবাদদাতা , ডালখোলা , ২২ মার্চ : সোমবার সাতসকালে প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার হলো উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার বলদরিয়া গ্রামে। এদিন সকালে বাড়ি থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নির্জন এলাকায় একটি বাগানে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পান এলাকাবাসীরা।
ঘটনা জানাজানি হতেই এলাকাবাসীরা ভিড় জমান ঘটনাস্থলে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডালখোলা থানার পুলিশ। পরে মৃতদেহ দুটি উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মর্গে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম সওড়া টুডু এবং সরকু টুডু। এদের মধ্যে সওড়া টুডুর বাড়ি ডালখোলা থানার বলদরিয়া গ্রামে এবং সরকু টুডুর বাড়ি করনদীঘি থানার সরগাঁও গ্রামে। এলাকাবাসীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে সওড়ার সাথে প্রণয়ের সম্পর্ক ছিল সরকুর। কিছুদিন আগে সরকুকে নিজের বাড়ি নিয়ে আসে সওড়া। তাদের বিয়ে হওয়ার কথা ছিলো। রবিবার রাতে পরিবারের সকলের সাথে খাওয়া-দাওয়াও করে তারা। সোমবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি বাগানে দুজনের ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকাবাসীরা। যদিও এব্যাপারে ডালখোলা থানার ওসি নয়ন মন্ডল বলেন, ডালখোলা থানার বলদরিয়া গ্রামে যুবক যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তবে সঠিক কি কারনে তাদের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জানা যাবে। তবে কিকারনে এই প্রেমিক যুগল আত্মহত্যা করল তার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
