সোশ্যাল মিডিয়া
‘সন অফ সর্দার’ খ্যাত মুকুল দেবের প্রয়াণে অভিনয় জগতে নেমে এল শোক
ডিজিটাল ডেস্কঃ চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেতা মুকুল দেব (Mukul Dev)। দিল্লির এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি, বয়স হয়েছিল ৫৪। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন আইসিইউ-তে। তবে তাঁর মৃত্যুর সঠিক কারণ এখনও প্রকাশ্যে আসেনি।
দীর্ঘ কেরিয়ারে হিন্দি, পাঞ্জাবি এবং দক্ষিণী ভাষার একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন মুকুল। ১৯৯৬ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মুমকিন’-এর মাধ্যমে অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। একই বছর বলিউডে পা রাখেন ‘দস্তক’ (Dastak) ছবিতে সুশমিতা সেনের বিপরীতে। এরপর ‘সন অফ সর্দার’ (Son of Sardaar), ‘ইয়ামলা পাগলা দিওয়ানা’, ‘আর… রাজকুমার’, ‘জয় হো’-র মতো বহু হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন।
বড় পর্দার পাশাপাশি ওয়েব সিরিজ এবং টেলিভিশনেও নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। ‘২১ সরফারোশ: সারাগড়ি ১৮৯৭’ (21 Sarfarosh: Saragarhi 1897)-এর মতো জনপ্রিয় সিরিজে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। অভিনয়ের পাশাপাশি বিমানচালনার প্রশিক্ষণও নিয়েছিলেন মুকুল। পড়াশোনা করেন দিল্লির সেন্ট কলম্বাস স্কুলে। এরপর অ্যারোনটিক্সে ডিগ্রি অর্জন করেন ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ অ্যাভিয়েশন থেকে।
আরও পড়ুনঃসর্বদলীয় প্রতিনিধির সফর শেষেই সংসদে বিশেষ অধিবেশনের দাবি জানালেন মমতা
মুকুল দেবের মৃত্যু সংবাদে শোকবার্তা জানিয়েছেন অনেক সহকর্মী। অভিনেতা বিন্দু দারা সিং (Bindu Dara Singh) টুইটে লেখেন, “শান্তিতে বিশ্রাম নাও ভাই #MukulDev, তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলো চিরকাল মনে থাকবে। ‘সন অফ সর্দার ২’ তোমার শেষ কাজ হিসেবে রয়ে যাবে আমাদের স্মৃতিতে।”
তিনি জানান, মা-বাবার মৃত্যুর পর থেকেই মুকুল অনেকটা নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন এবং কারোর সঙ্গেই বিশেষ দেখা করতেন না। অভিনেত্রী দীপশিখা নাগপাল বলেন, ‘‘আমি এখনও বিশ্বাস করতে পারছি না, মুকুল আর আমাদের মধ্যে নেই।’’
অন্যদিকে অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee) শোকবার্তায় লেখেন, ‘‘ও ছিল আমার আত্মার ভাই। ওর প্রাণবন্ততা, উষ্ণতা এবং শিল্পীসত্তা কোনওদিন ভুলতে পারব না। খুব তাড়াতাড়ি চলে গেলে, বন্ধু।’’
২০২১ সালে এক সাক্ষাৎকারে নিজের দীর্ঘ কর্মজীবনের কথা বলতে গিয়ে মুকুল বলেছিলেন, “আমার সফরটা অনেক কিছু দিয়েছে। আজকের সময়ে দাঁড়িয়ে আমি বলতেই পারি, আমি গর্বিত যে এই ইন্ডাস্ট্রির অংশ হতে পেরেছি।”
মুকুল দেবের প্রয়াণ চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতা তৈরি করল। তাঁর অভিনয়, ব্যক্তিত্ব এবং মানুষ হিসেবে প্রভাব—সবই স্মরণে রাখবে অনুরাগীরা।
