বাংলাদেশ
বাংলাদেশি গায়ক নোবেল গ্রেপ্তার, “অপহরণ ও ধর্ষণ” মামলায় পাশে প্রাক্তন স্ত্রী
ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিতর্কিত গায়ক মইনুল আহসান নোবেল (Mainul Ahsan Noble) ধর্ষণ ও আটকে রাখার অভিযোগে গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলবন্দি। এই চাঞ্চল্যকর ঘটনার মধ্যেই গায়কের সমর্থনে মুখ খুললেন তাঁর প্রাক্তন স্ত্রী সালসাবিলা মাহমুদ (Salsabila Mahmud)। প্রযুক্তির যুগে সাত মাস ধরে কাউকে আটকে রাখার অভিযোগকে “অবাস্তব ও হাস্যকর” বলে দাবি করেছেন তিনি।
ঘটনার সূত্রপাত গত সোমবার। অভিযোগকারী এক তরুণী বাংলাদেশের জাতীয় জরুরি নম্বরে ফোন করে জানান, তাঁকে সাত মাস ধরে জোর করে আটকে রেখে ধর্ষণ করেছেন গায়ক নোবেল। তাঁর মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়েছিল বলে দাবি। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে এবং গ্রেপ্তার করা হয় নোবেলকে।
পরদিন, মঙ্গলবার, তাঁকে আদালতে পেশ করা হয়। সেখানেই নোবেলের আইনজীবী জানান, অভিযুক্ত তরুণী নাকি নোবেলের স্ত্রী এবং একটি পারিবারিক ভুল বোঝাবুঝির জেরে এই অভিযোগ আনা হয়েছে। তিনি আরও দাবি করেন, ওই তরুণী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা এবং গায়ক এখনও সংসার করতে ইচ্ছুক। তবে অভিযোগকারিণীর তরফ থেকে এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এই অবস্থায়, গায়কের প্রাক্তন স্ত্রী সালসাবিলা একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, “আমার নাম করে অনেক কিছু প্রচারিত হচ্ছে, কিন্তু সেগুলি আমার বক্তব্য নয়।” তিনি বলেন, “এখনকার এই প্রযুক্তি নির্ভর যুগে কাউকে এতদিন আটকে রাখার অভিযোগ বাস্তববিবর্জিত এবং বিভ্রান্তিকর। এটি হাস্যকরও বটে।”
তাঁর এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে জল্পনা ছড়িয়েছে, প্রাক্তন দম্পতির মধ্যে দূরত্ব কি তবে কমছে? যদিও এই বিষয়ে সালসাবিলা নিজে থেকে কিছু স্পষ্ট করেননি।
প্রসঙ্গত, সারেগামাপা খ্যাত নোবেল অতীতে একাধিক বিতর্কের কেন্দ্রে ছিলেন। গান ও ব্যক্তিগত জীবন ঘিরে বিভিন্ন সময়ে তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে এবারের অভিযোগ আরও গুরুতর এবং আইনগতভাবে ফলপ্রসূ হয়ে উঠেছে।
