ডিজিটাল ডেস্কঃ আজ সকালে বর্ধমানে (Bardhaman) ভয়াবহ দুর্ঘটনা। ১৯ নম্বর জাতীয় সড়কের (NH 19) নবাব-হাট ফাগুপুর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি লরির (Truck) পিছনে ধাক্কা মারে যাত্রীবাহী বাস (Passenger Bus)। প্রাথমিকভাবে খবর পাওয়া গেছে, দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ৩৫ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার সময় বাসটি তারকেশ্বর (Tarkeshwar) থেকে আসানসোল (Asansol) যাচ্ছিল। ধাক্কার প্রভাবে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়েছে। প্রাথমিকভাবে অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে লরিতে ধাক্কা মারে। ঘটনাস্থলে স্থানীয় মানুষজন উদ্ধারকাজ শুরু করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনঃ রক্তক্ষয়ী লড়াই পেরিয়ে অর্জিত স্বাধীনতার ৭৯তম বর্ষে গর্বিত ভারত
স্থানীয়রা অভিযোগ করেছেন, লরিগুলি বিপদজনকভাবে জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকে, সার্ভিস লেনে রাখার পরেও পুলিশ কোনও ব্যবস্থা নিত না। দুর্ঘটনার সময় বাসে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা পুজো উদযাপন শেষে ফেরার পথে ছিলেন।
দুর্ঘটনার পর জাতীয় সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। গোলসি থানার (Golsi Police Station) পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে স্থানীয়রা পুলিশের দেরিতে উপস্থিতির অভিযোগ তুলেছেন। অ্যাম্বুলেন্সও পৌঁছতে দেরি করে, যা নিয়ে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযুক্ত বাস ও লরির দিক থেকে ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সমস্ত দিক পরীক্ষা করে শীঘ্রই প্রাথমিক প্রতিবেদন জমা দেওয়া হবে। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যান চলাচল স্বাভাবিক করতে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।