দেশ
ওয়াকফ সংশোধনী আইনের বৈধতা নিয়ে ১৬ এপ্রিল শুনানি সুপ্রিম কোর্টে
ডিজিটাল ডেস্কঃ ওয়াকফ সংশোধনী আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে দেশের শীর্ষ আদালতে উঠেছে বিতর্ক। আগামী ১৬ এপ্রিল এই আইনের বৈধতা ঘিরে শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চে এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি নির্ধারিত হয়েছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, ১৬ এপ্রিলের ১৩ নম্বরে তালিকাভুক্ত এই মামলাটি। সূত্রের খবর, অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (AIMIM) নেতা ও হায়দরাবাদ কেন্দ্রের সাংসদ আসাউদ্দিন ওয়েইসি মূল মামলাকারী হিসেবে এই মামলা দায়ের করেছেন। তবে শুধু তিনি নন, আরজেডি সাংসদ মনোজ ঝা ও ফৈয়াজ আহমেদ, কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, ইমরান প্রতাপগড়ী, দিল্লির আপ বিধায়ক আমানতউল্লা খান-সহ আরও বহু রাজনৈতিক নেতাও এই সংশোধনী আইনকে চ্যালেঞ্জ জানিয়ে মামলা করেছেন।
আরও পড়ুনঃ ওয়াকফ বিল নিয়ে মুখ খুললেন মমতা, ‘আপনাদের সম্পত্তি সুরক্ষিত’ : মমতা
এছাড়া অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ সিভিল রাইটস (APCR), জামিয়াত-উলেমা-হিন্দ-সহ একাধিক সামাজিক সংগঠনও এই আইনকে অসাংবিধানিক বলে দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছেন। তাদের বক্তব্য, এই সংশোধনী সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে এবং ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত ঐতিহাসিক ও ধর্মীয় নীতির সঙ্গে বিরোধিতা করে।
এই আবহে, কেন্দ্রীয় সরকারও সক্রিয় পদক্ষেপ করেছে। আদালতের পক্ষ থেকে যাতে কোনও একতরফা নির্দেশ না আসে, তা নিশ্চিত করতে আগেই ক্যাভিয়েট দাখিল করেছে কেন্দ্র। এর অর্থ, মামলার শুনানিতে তাদের বক্তব্য শোনা ছাড়া সুপ্রিম কোর্ট কোনও রায় দেবে না।
ওয়াকফ সংশোধনী আইন নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক বিতর্ক ও আইনি টানাপড়েনের মধ্যেই ১৬ এপ্রিলের শুনানিকে ঘিরে নতুন করে নজর পড়ছে সর্বোচ্চ আদালতের দিকে। এখন দেখার, সুপ্রিম কোর্ট কী সিদ্ধান্ত নেয় এবং তার প্রভাব কীভাবে প্রতিফলিত হয় দেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে।
