ডিজিটাল ডেস্কঃ ভারতীয় ক্রিকেটে এক যুগের অবসান। ২২ গজ থেকে বিদায় নিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। দীর্ঘ সময় ধরে ভারতীয় টেস্ট দলের অন্যতম ভরসা ছিলেন এই ডানহাতি ব্যাটার। হঠাৎ করেই নিজের আন্তর্জাতিক অবসরের ঘোষণা করে চমকে দিলেন তিনি।
৩৭ বছর বয়সি পূজারা ভারতের হয়ে শেষবার টেস্ট খেলেছেন ২০২৩ সালের জুন মাসে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC Final) ফাইনালে। সেই ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ভারত। এর পর থেকেই জাতীয় দলে আর ডাক পাননি পূজারা। সম্প্রতি দলীপ ট্রফির দল থেকেও বাদ পড়েন। সবমিলিয়ে ক্রমাগত উপেক্ষা ও হতাশাই শেষমেশ তাঁকে অবসরের পথে ঠেলে দিল বলে মনে করা হচ্ছে।
‘সনাতনী ঘরানার’ এই ব্যাটসম্যানকে বলা হত ভারতের আধুনিক ক্রিকেটের “দেয়াল”। ধৈর্য, টেকনিক ও দীর্ঘ ইনিংস খেলার ক্ষমতা তাঁকে আলাদা মর্যাদা দিয়েছিল। তবে আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ সারিতে নাম থাকা সত্ত্বেও সাম্প্রতিক পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব এবং তরুণ ব্যাটসম্যানদের উত্থান পূজারার জায়গা দখল করে নেয়।