খুন
অষ্টমীর রাতে হাওড়ায় গুলি চালিয়ে খুন, বিহারি গ্যাংয়ের ছায়া তদন্তে
ডিজিটাল ডেস্কঃ অষ্টমীর রাতে চাঞ্চল্যকর খুনের ঘটনা হাওড়ায় (Howrah)। গুলি চালিয়ে খুন করা হল সুরেশ যাদবকে (Suresh Yadav)। মঙ্গলবার রাতে বন বিহারী বোস লেন (Ban Bihari Bose Lane) এলাকায় প্রকাশ্যে এই হত্যাকাণ্ড ঘটে। উৎসবের রাতে হঠাৎ গুলির শব্দে এলাকা জুড়ে আতঙ্ক (Panic) ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত সুরেশ বিহার (Bihar) পাটনার বাসিন্দা। কয়েকদিন আগে আত্মীয়ের বাড়িতে আসতে হাওড়ায় এসেছিলেন তিনি। তবে তাঁর অতীত অপরাধমূলক ইতিহাসও রয়েছে। জানা গেছে, সুরেশের বিরুদ্ধে একাধিক মামলা (Cases) ছিল এবং তিনি বিহারের জেলে (Jail) প্রায় ৭–৮ বছর কাটিয়েছেন। তদন্তকারীরা মনে করছেন, পুরনো কোনও শত্রুতার জেরেই এই খুন হতে পারে। নেপথ্যে বিহার-ভিত্তিক কোনও গ্যাং (Gang) জড়িত থাকতে পারে বলেও সন্দেহ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় উঠে এসেছে, মঙ্গলবার রাতে সুরেশ যখন রাস্তা দিয়ে হাঁটছিলেন, তখন হঠাৎ বাইকে (Bike) চেপে ৫-৬ জন যুবক আসে এবং তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। দ্রুত তাঁকে হাওড়া জেলা হাসপাতালে (Howrah District Hospital) নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাওড়া থানার পুলিশ ও হাওড়া সিটি পুলিশের (Howrah City Police) শীর্ষকর্তারা। সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সুরেশ হাওড়ায় কেন এসেছিলেন এবং তাঁর আত্মীয়দের সঙ্গে কোনও যোগসূত্র আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। যাঁর বাড়িতে তিনি উঠেছিলেন, তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে সূত্রের খবর।
অন্যদিকে বাইকে চেপে আসা আততায়ীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ইতিমধ্যেই একাধিক দিক খতিয়ে দেখা শুরু করেছে তদন্তকারীরা। উৎসবের মাঝেই এহেন খুনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে হাওড়া শহরে।


