হামলা
সীমান্ত উত্তেজনার মাঝে দেশজুড়ে মহড়া, পশ্চিমবঙ্গের ২৩ জেলায় কেন্দ্রের নির্দেশে সতর্কতা প্রস্তুতি
ডিজিটাল ডেস্কঃ পহেলগাম (Pahalgam) জঙ্গি হামলার পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। এই পরিস্থিতিতে জাতীয় স্তরে জরুরি প্রতিরক্ষামূলক প্রস্তুতির অংশ হিসেবে ৭ মে, বুধবার দেশজুড়ে একটি বৃহৎ মহড়ার আয়োজন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)। এর আওতায় সীমান্তবর্তী রাজ্যগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের একাধিক জেলাতেও মহড়া হবে।
সূত্র মারফত জানা গিয়েছে, রাজস্থান (Rajasthan), গুজরাট (Gujarat), পাঞ্জাব (Punjab) এবং জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)-এর সীমান্তবর্তী অঞ্চলগুলি এই মহড়ার জন্য বিশেষভাবে প্রস্তুত থাকতে বলা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশ অনুসারে, দেশজুড়ে মোট ২৪৪টি জেলায় মহড়া হবে, যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গেরও ২৩টি জেলা। রাজ্যের কোচবিহার, দার্জিলিং, রায়গঞ্জ, মালদহ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, বীরভূম থেকে শুরু করে মুর্শিদাবাদ, হাওড়া ও হুগলি-সহ মোট ৩১টি অঞ্চলে মহড়া হবে বলে খবর।
আরও পড়ুনঃযুদ্ধ কি অনিবার্য? নাগরিক প্রস্তুতির জন্য দেশজুড়ে কেন্দ্রের নির্দেশে মহড়া
মহড়ায় অংশ নেবেন জেলাশাসক (District Magistrate), জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিক, সিভিল ডিফেন্স কর্মী, হোমগার্ড এবং সংশ্লিষ্ট সংস্থার স্বেচ্ছাসেবকরা। এ ছাড়া, এনসিসি (NCC) ক্যাডেট, নেহরু যুব কেন্দ্র সংগঠন (Nehru Yuva Kendra) এবং বিভিন্ন স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরও প্রস্তুতির অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই মহড়ার মূল লক্ষ্য হল জরুরি পরিস্থিতিতে নাগরিক সুরক্ষার ব্যবস্থা এবং প্রতিক্রিয়া কৌশল যাচাই করা। নির্দেশিকায় বিশেষভাবে বলা হয়েছে— বিমান হামলার সতর্কতা সাইরেন চালু করা, হঠাৎ ব্ল্যাকআউট পরিস্থিতিতে নাগরিক প্রতিক্রিয়া কেমন হবে, এবং উদ্ধার অভিযানে নাগরিক স্বেচ্ছাসেবকদের ভূমিকা কেমন তা খতিয়ে দেখা হবে।
প্রসঙ্গত, সম্প্রতি পহেলগামে (Pahalgam) যে মর্মান্তিক জঙ্গি হানা হয়েছে, তাতে ভারতের প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র দফতর জোর প্রস্তুতি শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) গত সপ্তাহেই নৌসেনা ও বায়ুসেনা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন। সরকারি সূত্রে খবর, সম্ভাব্য প্রত্যাঘাতের প্রস্তুতির সঙ্গেই দেশজুড়ে নিরাপত্তা সচেতনতা বাড়াতে এই মহড়ার পরিকল্পনা করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) দফতর থেকে রাজ্যগুলিকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ জারি করা হয়েছে।
