দুর্ঘটনা
তিন মাসে দ্বিতীয় দুর্ঘটনা! বায়ুসেনার জাগুয়ার ভেঙে পড়ল রাজস্থানে, শোকের ছায়া সেনা মহলে
ডিজিটাল ডেস্কঃ রাজস্থানের আকাশে ফের মৃত্যুর ছায়া! বুধবার সকালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় কেঁপে উঠল চুরু জেলা (Churu, Rajasthan)। ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) জাগুয়ার যুদ্ধবিমান (Jaguar Fighter Jet) ভেঙে পড়ল রাজালদেসার থানা এলাকার ধানক্ষেতে। দুর্ঘটনার জেরে পাইলট-সহ অন্তত দু’জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। বিমানের ধ্বংসস্তূপ থেকে একটি দেহ উদ্ধার হয়েছে, যেটি পাইলটের বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
দুপুরের আগে স্থানীয় বাসিন্দারা বিকট শব্দে চমকে ওঠেন। এরপরই দেখা যায়, মাঠের মাঝখানে জ্বলছে বিমানের ধ্বংসাবশেষ। আতঙ্কে ছুটে আসেন গ্রামবাসীরা। পুলিশ সূত্রে খবর, যুদ্ধবিমানটি স্থানীয় একটি এয়ারবেস থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারায়। বিমানটি রাজ্যের বন্যা ও ঝড়বৃষ্টিপীড়িত এলাকায় টহল দিতে উঠেছিল বলেও প্রাথমিকভাবে জানা যাচ্ছে।
আরও পড়ুনঃ ৫ বিঘা জমিতে ফুলের রাজ্য! পলি হাউস প্রযুক্তিতে সফল রায়গঞ্জের মনু চন্দ্র রায়
প্রত্যক্ষদর্শীদের দাবি, হঠাৎ আকাশে কালো ধোঁয়া ও আগুন দেখা যায়। তার কিছু সময়ের মধ্যেই বিকট শব্দে মাঠে পড়ে যায় বিমানটি। আশেপাশে থাকা ফসল জ্বলে ছারখার হয়ে যায়।
রাজস্থানে এই মুহূর্তে প্রবল বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়া চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, খারাপ আবহাওয়ার কারণে বিমানটির নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিমানবাহিনীর পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
এই নিয়ে মাত্র তিন মাসের ব্যবধানে ফের জাগুয়ার ভেঙে পড়ল। গত ১ এপ্রিল গুজরাতের জামনগরে (Jamnagar, Gujarat) প্রশিক্ষণ চলাকালীন একটি জাগুয়ার দুর্ঘটনায় পড়ে। তাতে এক পাইলট প্রাণ হারান, প্যারাস্যুট না খোলার কারণে।
বিমান দুর্ঘটনার তদন্তে নামছে বায়ুসেনার বিশেষ দল। এই ধারাবাহিক দুর্ঘটনায় উঠছে প্রশ্ন—যুদ্ধবিমানগুলির নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কি যথাযথ হচ্ছে?
ভবিষ্যতে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়াতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
