ডিজিটাল ডেস্কঃ শ্রমিক ও কৃষক বিরোধী কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে বুধবার জারি দেশজুড়ে বামফ্রন্টের ডাকা ধর্মঘট (Bharat Bandh)। আর সেই বনধ ঘিরেই শহরের বুকে ঘটে গেল এক আতঙ্কজনক অগ্নিকাণ্ডের (Fire Incident) ঘটনা। আগুন লাগল ধর্মঘটের সমর্থনে সিপিএম (CPI-M) মিছিল থেকে—জায়গা, যাদবপুরের (Jadavpur) 8B বাসস্ট্যান্ড।
প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকালেই মিছিল থেকে কুশপুতুল এবং টায়ার পোড়ানো হচ্ছিল। আচমকা সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি দোকানে। মুহূর্তে আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। রাস্তার পাশের বৈদ্যুতিক কেবলও আগুনের গ্রাসে চলে যায়। স্পার্ক ছড়িয়ে ভয় আরও বাড়িয়ে দেয়। বিস্ফোরণের আশঙ্কা মাথায় নিয়ে প্রাণভয়ে ছুটতে থাকেন পথচারীরা।
আরও পড়ুনঃ বিজেপিতে ‘আদি বনাম নব্য’ ফের তুঙ্গে! ইঙ্গিতে সুকান্তকে বিঁধলেন দিলীপ ঘোষ
তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৎপর হয় পুলিশ। সঙ্গে সঙ্গে উপস্থিত থাকা পুলিশকর্মীরা জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। দমকল পৌঁছনোর আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। বড়সড় দুর্ঘটনা অল্পের জন্য এড়ানো গেল বলে মনে করছে স্থানীয়রা।
অন্যদিকে, ধর্মঘট ঘিরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। কোথাও ট্রেন রোকো কর্মসূচিতে ধস্তাধস্তি, কোথাও আবার রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ। বাম কর্মীরা সক্রিয় থাকলেও পুলিশ প্রশাসনও ছিল কড়া নজরে।
নবান্ন ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, বনধের দিনে সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক। সেই নির্দেশ মানতে গিয়ে অনেক কর্মী পড়েছেন সমস্যায়।
যাদবপুরের অগ্নিকাণ্ডের ঘটনা নিছক দুর্ঘটনা না পরিকল্পনার ফল—তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও শেষ পাওয়া খবর অনুযায়ী পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে, তবে আতঙ্ক এখনও কাটেনি সাধারণ মানুষের মনে।