ডিজিটাল ডেস্কঃ চতুর্থ শ্রেণির এক ছাত্রীর উপর শারীরিক হেনস্তার অভিযোগে চাঞ্চল্য ছড়াল কলকাতার মানিকতলায় (Maniktala)। অভিযোগ, মানিকতলা বাণীপিঠ (Maniktala Banipith) স্কুলের দুই শিক্ষিকা ছাতা দিয়ে বেধড়ক মারধর করেন এক ছাত্রীকে। আহত ছাত্রীর শরীরে একাধিক স্থানে আঘাতের চিহ্ন মিলেছে। ঘটনায় মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়া না পারায় এক শিক্ষিকা প্রথমে ছাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করেন। এরপর অপর এক শিক্ষিকা ছাতা দিয়ে তার হাঁটুতে একাধিকবার আঘাত করেন। এমনকি কানে আঘাত লাগারও অভিযোগ উঠেছে। এরপরেই অসুস্থ হয়ে পড়ে ওই নাবালিকা। স্কুল থেকে ফেরার পর থেকেই জ্বরে আক্রান্ত হয় সে।
আরও পড়ুনঃ নতুন প্রকল্প ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-কে কটাক্ষ দিলীপ ঘোষের, বললেন “তৃণমূল আর দল নেই”
প্রথমে বিষয়টি লুকোলেও, পরিবারের জিজ্ঞাসাবাদে কিশোরী সব খুলে বলে। পরিবারের দাবি, ভয় এতটাই দানা বেঁধেছে যে, ছাত্রীটি স্কুলে ফিরতে চাইছে না। শুধু তাই নয়, মৌখিকভাবে তাকে ৭ দিনের জন্য বরখাস্ত (Suspension) করা হয়েছে বলেও অভিযোগ।
পরিবার থানায় অভিযোগ জানালেও, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে তারা। অভিযুক্ত শিক্ষিকাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়ায় ক্ষুব্ধ ছাত্রীর পরিবার।
ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ মুখে কুলুপ এঁটেছে। প্রশাসনিক স্তরে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। যদিও এলাকার মানুষজন এই ঘটনায় ক্ষুব্ধ। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।
এখন প্রশ্ন— স্কুল যদি নিরাপদ আশ্রয় না হয়, তবে বাচ্চারা যাবে কোথায়?