দেশের খবর
রাজধানীর সীমানায় নাশকতার ছক! চিকিৎসকের ঘরেই লুকানো ছিল বিস্ফোরক
ডিজিটাল ডেস্কঃ দেশের রাজধানীর একেবারে নাকের ডগায় চাঞ্চল্যকর উদ্ধার। হরিয়ানার (Haryana) ফরিদাবাদ থেকে মিলল বিপুল পরিমাণ বিস্ফোরক (Explosives) ও আগ্নেয়াস্ত্র। জম্মু ও কাশ্মীর পুলিশের (Jammu & Kashmir Police) বিশেষ টিম উদ্ধার করেছে ৩০০ কেজি আরডিএক্স (RDX), একটি একে–৪৭ রাইফেল (AK-47) এবং বিপুল সংখ্যক কার্তুজ (Cartridges)। গোয়েন্দা সূত্রের দাবি, উত্তর ভারতে সাম্প্রতিক কালে এটিই সবচেয়ে বড় বিস্ফোরক উদ্ধারের ঘটনা।
তদন্তে জানা গেছে, এই অভিযান সম্ভব হয় কাশ্মীরি চিকিৎসক আদিল আহমেদ রাঠার (Adil Ahmad Rather)-এর জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে। কয়েক দিন আগে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহারানপুর থেকে তাঁকে গ্রেফতার করেছিল জম্মু-কাশ্মীর পুলিশ। অভিযোগ, শ্রীনগরে (Srinagar) জইশ-ই-মহম্মদের (Jaish-e-Mohammed) পোস্টার লাগানোর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তাঁর দেওয়া তথ্যের সূত্র ধরেই ফরিদাবাদে অভিযান চালিয়ে মেলে এই বিপুল অস্ত্রভাণ্ডার।
তদন্তকারীরা আরও জানান, অস্ত্র ও বিস্ফোরক রাখা ছিল এক চিকিৎসক মুজাহিল শাকিল (Mujahil Shakeel)-এর হেফাজতে। গোটা ঘটনায় জইশ যোগ (JeM Link) খতিয়ে দেখছে গোয়েন্দারা।
রাঠারের আগেও নাম উঠেছিল সন্দেহভাজন তালিকায়। অনন্তনাগ মেডিক্যাল কলেজে (Anantnag Medical College) তাঁর লকার থেকে একে–৪৭ উদ্ধার হয়। সেই ঘটনার পর তাঁর বিরুদ্ধে UAPA (Unlawful Activities Prevention Act) এবং Arms Act-এর আওতায় মামলা রুজু হয়।
গোয়েন্দাদের মতে, রাজধানীর কাছে এত বড় পরিমাণ আরডিএক্স মজুত রাখা ইঙ্গিত দিচ্ছে বড়সড় নাশকতার (Terror Plot) পরিকল্পনার। এক আধিকারিক বলেন, “উদ্ধার হওয়া বিস্ফোরকের পরিমাণ দেখে মনে হচ্ছে, লক্ষ্য ছিল ভয়াবহ হামলা।”
অন্যদিকে, গুজরাত (Gujarat)-এর আমদাবাদ (Ahmedabad) থেকেও রবিবার তিন জঙ্গি সন্দেহভাজনকে গ্রেফতার করেছে গুজরাত এটিএস (Gujarat ATS)। তাঁদের কাছ থেকেও উদ্ধার হয়েছে অস্ত্র, চলছিল দেশজুড়ে জঙ্গি হামলার ছক।


