দেশের খবর
ভোটের মুখে অশনি সংকেত! বিহারে সক্রিয় জইশের জঙ্গিরা
ডিজিটাল ডেস্কঃ বাংলার পাশের রাজ্য বিহার (Bihar) জুড়ে ফের আতঙ্কের বাতাবরণ। ভোটের মুখে বড়সড় নাশকতার আশঙ্কায় সেখানে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানের (Pakistan) মদতপুষ্ট জইশ-ই-মহম্মদ (Jaish-e-Mohammed) জঙ্গি সংগঠনের তিন সদস্য সম্প্রতি বিহারে অনুপ্রবেশ করেছে।
সূত্র অনুযায়ী, অগস্টের দ্বিতীয় সপ্তাহে নেপালের (Nepal) পথ ধরে ভারতে প্রবেশ করে ওই তিন জঙ্গি। গত সপ্তাহেই তারা বিহারে ঢুকে পড়ে। ভাগলপুর (Bhagalpur) থেকে গ্রেফতার এক সন্দেহভাজনকে জেরা করেই এই তথ্য হাতে আসে গোয়েন্দাদের। জানা গিয়েছে, তিন জঙ্গির নাম হল হাসনাইন আলি (Hasnain Ali), আদিল হুসেন (Adil Hussain) ও মহম্মদ উসমান (Mohammad Usman)। এঁদের মধ্যে হাসনাইন পাকিস্তানের রাওয়ালপিন্ডির বাসিন্দা, আদিল উমরকোটের ও উসমান বাহওয়ালপুরের।
গোয়েন্দাদের দাবি, জঙ্গিরা বিহারে বড়সড় নাশকতার ছক কষছে। শুধু তাই নয়, সক্রিয় করা হতে পারে দেশের স্লিপার সেলও। ইতিমধ্যেই সন্দেহভাজনদের ছবি বিহারের প্রতিটি থানায় পাঠানো হয়েছে। সীমান্তবর্তী জেলাগুলি যেমন মধুবনী, সীতামারহি, সুপল, আরারিয়া, পূর্ব ও পশ্চিম চম্পারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, অপারেশন সিঁদুর (Operation Sindoor) পর থেকেই ভারত-নেপাল সীমান্তে নজরদারি জোরদার করা হয়েছিল। তবুও প্রায় ৭২৯ কিলোমিটার দীর্ঘ এই সীমান্ত বহুদিন ধরেই অনুপ্রবেশের পথে পরিণত হয়েছে। গোয়েন্দাদের আশঙ্কা, এবারও সেই ফাঁক গলেই ঢুকে পড়েছে পাকিস্তানি জঙ্গিরা।


