ডিজিটাল ডেস্কঃ রেললাইন পেরনোর সময় দুর্ঘটনার আশঙ্কা দীর্ঘদিন ধরেই ভোগাচ্ছিল ইসলামপুরের শান্তিনগর এলাকাবাসীকে। দীর্ঘ সময় ধরে গেট বন্ধ থাকায় রেলক্রসিং পারাপারে সঙ্কটে পড়তেন স্থানীয় বাসিন্দারা। এবার সেই সমস্যা থেকে মুক্তি দিতে বড় পদক্ষেপ নিল রেলমন্ত্রক। রায়গঞ্জের সাংসদ কার্তিকচন্দ্র পাল (Kartik Chandra Paul) এর অনুরোধে ইসলামপুরের আলুয়াবাড়ি রেলস্টেশন সংলগ্ন এলাকায় নির্মিত হতে চলেছে একটি আধুনিক Road Under Bridge (RUB)।
এই প্রকল্পের জন্য রেলবোর্ড বরাদ্দ করেছে ₹৫,৫৫,৪০,০০০ (পাঁচ কোটি পঞ্চান্ন লক্ষ চল্লিশ হাজার টাকা)। রেল বোর্ডের পক্ষ থেকে এই বরাদ্দের কথা জানিয়ে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ‘Umbrella Work 2025-26’ প্রকল্পের অধীনে কাটিহার রেল সেকশনের AUB-GEOR রুটের কিমি ৫৮/১-২ পয়েন্টে RUB নির্মাণ হবে, যা বর্তমানে ঝুঁকিপূর্ণ অননুমোদিত পারাপারের জন্য পরিচিত।
প্রকল্পটির কাজ হবে SSE/Works/KNE-র অধীনে। অর্থ এসেছে পুরোপুরি রেলমন্ত্রকের তরফ থেকে, রাজ্য সরকারের কোনও আর্থিক অংশীদারিত্ব নেই।
রেল বোর্ডের চিঠিতে জানানো হয়েছে, GAD (General Arrangement Drawing) সহ সব ডিজাইন সংক্রান্ত প্রক্রিয়া সম্পন্ন করতে হবে রাজ্য সরকারের পরামর্শে। রেলের ২০১৭ সালের গাইডলাইনের ভিত্তিতে প্রবেশপথ হবে বাঁকবিহীন এবং নিরাপদ। প্রয়োজন হলে ফেন্সিংয়ের ব্যবস্থাও থাকবে, যাতে অবৈধ প্রবেশ রোধ করা যায়।
এই প্রকল্পে অনুমোদনের স্বাক্ষর করেছেন রেল বোর্ডের Director CE/B&S-II হেমন্ত কুমার (Hemant Kumar)। অর্থ বিভাগের সম্মতিও রয়েছে। RUB নির্মাণ শেষ হলে দুর্ঘটনা রোধ এবং যাত্রীদের নিরাপত্তা অনেকটাই নিশ্চিত হবে বলে মনে করছেন রেল কর্তৃপক্ষ।
সাংসদের দাবি, “এই প্রকল্প রূপায়ণে সকল দলের জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন।” এখন দেখার, দ্রুত টেন্ডার ডেকে ঠিক কবে শুরু হয় বহু প্রতীক্ষিত এই কাজ।