ভাইরাল খবর
বাংলায় SIR না হলে রাষ্ট্রপতি শাসন! নির্বাচন ঘিরে রাজ্য রাজনীতিতে চরম উত্তেজনা
ডিজিটাল ডেস্কঃ Statewide Summary Revision (SIR) যদি বাংলায় চালু করা না হয়, তাহলে President’s Rule (রাষ্ট্রপতি শাসন) জারি হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার নাগরাকাটার (Nagrakata) দুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। সেখানেই আক্রান্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু (Khagen Murmu) এবং বিধায়ক শঙ্কর ঘোষ (Shankar Ghosh)।
এই হামলার ঘটনায় NIA তদন্ত দাবি করেছেন শুভেন্দু। তাঁর অভিযোগ, তৃণমূলের ‘জেহাদি’ গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে। পাশাপাশি তিনি বলেন, “বাংলা যদি SIR করতে না দেয়, তবে রাষ্ট্রপতি শাসন আসবে। SIR হলে বাংলাদেশি ও ভূতুড়ে ভোটারের (ghost voters) নাম বাদ যাবে।” তবে ভারতীয় মুসলিমদের (Indian Muslims) ভয় পাওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
শুভেন্দু আরও দাবি করেন, ২০২৬ সালে বিজেপি ক্ষমতায় এলে বাংলা বদলাবে। তাঁর ভাষায়, “বদল হবে, বদলাও হবে।”
এদিকে, SIR নিয়ে রাজ্যে শাসক ও বিরোধীদের মধ্যে তীব্র রাজনৈতিক চাপানউতোর চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছেন। কালীপুজোর পর SIR শুরু হতে পারে, এমন জল্পনায় রাজ্য রাজনীতি তোলপাড়।
সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) প্রতিনিধিদের সফরের সময় মুখ্যমন্ত্রী একাধিক বিস্ফোরক মন্তব্য করেন। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অমিত শাহ (Amit Shah)-কেও নিশানা করেন তিনি। মমতা বলেন, “বাংলা থেকে এক জনের নামও বাদ গেলে আমি বুঝে নেব।” নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেন মুখ্যমন্ত্রী।
সূত্রের খবর, নভেম্বরের প্রথম সপ্তাহে SIR বিরোধিতায় রাস্তায় নামতে পারেন মমতা ও অভিষেক।
এই প্রেক্ষিতে শুভেন্দুর “রাষ্ট্রপতি শাসনের” হুঁশিয়ারি ঘিরে রাজনীতির পারদ চড়েছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ (Tanmay Ghosh) বলেন, “শুভেন্দুবাবু নিজেই সব ঠিক করে দিচ্ছেন। আইন, সংবিধান, নির্বাচন কমিশনের ভূমিকা কিছুই কি আর থাকল না?”


