দুর্ঘটনা
২৫ দিনের মৃত্যুযুদ্ধ জিতে ঘরে ফিরলেন পবনদীপ রাজন — “আপনাদের আশীর্বাদেই বেঁচে ফিরেছি”
ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনার পর ২৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ‘ইন্ডিয়ান আইডল সিজন ১২’ (Indian Idol Season 12)-এর বিজয়ী গায়ক পবনদীপ রাজন (Pawandeep Rajan)। গানের জাদু দিয়ে যিনি কোটি ভক্তের হৃদয় জিতে নিয়েছেন, সেই শিল্পীর জীবন যেন এক রুদ্ধশ্বাস রূপকথার মতোই ঘুরে দাঁড়াল বাস্তবের মঞ্চে।
গত ৫ মে উত্তরপ্রদেশের মোরাদাবাদ (Moradabad) থেকে দিল্লি যাওয়ার পথে এক মারাত্মক গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন পবনদীপ। জানা যায়, আহমেদাবাদে (Ahmedabad) একটি সঙ্গীত অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন তিনি। তাড়াহুড়ো করে বিমান ধরার সময় ঘুমিয়ে পড়েন গাড়িচালক, সেই কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ধাক্কা মারে ট্রাকে। দুর্ঘটনায় গুরুতর জখম হন শিল্পী।
ঘটনার পর দ্রুত তাঁকে মোরাদাবাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে স্থানান্তর করা হয় দিল্লির একটি বেসরকারি হাসপাতালে। শরীরের একাধিক হাড় ভেঙে যায়, ছিল গভীর ক্ষত এবং মারাত্মক যন্ত্রণা। প্রথম অস্ত্রোপচার হয় ৬ ঘণ্টা ধরে। তার কিছুদিন পর আরও ৮ ঘণ্টার একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন হয়। এই সময়টুকু হাসপাতালের আইসিইউ-তে কাটিয়েছেন শিল্পী। তবে আশ্চর্য হলেও সত্যি, হাসপাতালের বিছানায় শুয়েই একাধিকবার গান গেয়েছেন পবনদীপ। শুধু নিজের মনোবলই বাড়াননি, বরং আশেপাশের রোগী ও নার্সদের মনেও আশার আলো ছড়িয়েছেন তাঁর সুরে।
আরও পড়ুনঃ বিসিবিতে নেতৃত্ব সংকট, ফারুক আহমেদকে বহিষ্কার করলো উপদেষ্টা মণ্ডলী
৩০ মে, এক মাসের কাছাকাছি সময় হাসপাতালে কাটিয়ে বিমানে করে বাড়ি ফেরেন পবনদীপ রাজন। বিমানের ভিতর থেকে ছবি শেয়ার করে তিনি লেখেন, “হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। এখন বাড়ি ফিরছি। আপনাদের প্রত্যেকের আশীর্বাদ আর ভালবাসার জন্যই আমি সুস্থ হয়ে ফিরতে পারছি।” পোস্টের সঙ্গে জুড়ে দেন একটি লাল হৃদয় এবং করজোড় ইমোজি।
গায়কের ঘনিষ্ঠ মহল থেকে জানানো হয়েছে, পুরো চিকিৎসা পর্ব জুড়ে তাঁর পরিবার ও টিম একনিষ্ঠভাবে পাশে থেকেছে। প্রতিদিন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর স্বাস্থ্য সংক্রান্ত আপডেট ভক্তদের জানানো হয়েছে। গায়কের জন্য দেশজুড়ে তাঁর অনুরাগীরা প্রার্থনা করেছেন।
উল্লেখযোগ্যভাবে, দুর্ঘটনার পরদিনই পবনদীপের টিম একটি বিবৃতি দিয়ে জানায়, “ওঁর অবস্থা সঙ্কটজনক হলেও স্থিতিশীল। পরিবারের সদস্যদের কাছে দিনটি ছিল দুঃস্বপ্নের মতো। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করছেন। সকলে প্রার্থনা করুন, যাতে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারেন পবনদীপ।”
সেই প্রার্থনাই যেন এবার বাস্তব হয়ে ফিরল। গায়ক এখন সুস্থতার পথে, তবে চিকিৎসকদের পরামর্শ মেনেই চলতে হবে তাঁকে। আপাতত তিনি নিজের বাড়িতে বিশ্রামে রয়েছেন। পবনদীপ রাজনের এভাবে ফিরে আসা শুধু তাঁর সংগীতজীবনের নয়, বরং জীবনযুদ্ধে জয়ের প্রতীক হয়ে উঠল তাঁর কোটি অনুরাগীর কাছে।
