দেশের খবর
‘নিশানা শুধু মার্কিন ঘাঁটি, বন্ধু রাষ্ট্ররা নিরাপদ’! দিল্লিতে দাঁড়িয়ে বিস্ফোরক দাবি ইরানের মন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ার ক্রমবর্ধমান উত্তেজনার আবহে ভারতের রাজধানী দিল্লিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন ইরানের উপ-বিদেশমন্ত্রী সইদ খতিবজাদেহ (Saeed Khatibzadeh)। দিল্লির প্রেস্টিজিয়াস ‘রাইসিনা ডায়ালগ’ (Raisina Dialogue)-এ অংশ নিয়ে তিনি সাফ জানিয়েছেন, ইরানের সামরিক অভিযান (Military Operations) শুধুমাত্র মার্কিন ঘাঁটি ও সামরিক সম্পদ লক্ষ্য করেই পরিচালিত হচ্ছে। প্রতিবেশী আরব দেশগুলোর কোনো ক্ষতি করা ইরানের উদ্দেশ্য নয়।
খতিবজাদেহ দাবি করেন, মার্কিন বাহিনী অনেক সময় আবাসিক এলাকার (Residential areas) আড়ালে অবস্থান নেয়, যা পরিস্থিতিকে জটিল করে তোলে। সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সপক্ষে তিনি বলেন, “আরব বন্ধুদের মধ্যে কেউ হতাহত হয়নি কারণ আমাদের টার্গেট অত্যন্ত সুনির্দিষ্ট (Precise target)।”
মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে তিনি বলেন, সম্প্রতি একটি নিরস্ত্র (Unarmed) জাহাজে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে, যা ভারতীয় বন্ধুদের আমন্ত্রণে এই অঞ্চলে এসেছিল। এই ঘটনাকে তিনি ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে বর্ণনা করেন। পাশাপাশি, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেই-এর মৃত্যুকে ‘অবৈধ হত্যা’ (Illegal assassination) হিসেবে উল্লেখ করে তিনি জানান, ইরান কোনো ব্যক্তিনির্ভর রাষ্ট্র নয়। সংবিধান ও ক্ষমতার বিভাজনের (Separation of powers) মাধ্যমে দেশ স্বাভাবিকভাবেই চলছে।
দিল্লি সফরের সময় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের (S Jaishankar) সঙ্গেও তাঁর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। উল্লেখ্য, এবারের রাইসিনা ডায়ালগের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ফিনল্যান্ডের প্রেসিডেন্ট। বৈশ্বিক এই সম্মেলনে ইরানের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ (Significant) বলে মনে করছে কূটনৈতিক মহল। খতিবজাদেহ এদিন দিল্লির ইরান দূতাবাসে গিয়ে শোকবইতেও স্বাক্ষর করেন।
