দেশের খবর
যুদ্ধের জেরে উড়ান বিপর্যয়! পশ্চিম এশিয়া থেকে দেশে ফিরলেন ৫২ হাজার ভারতীয়
ডিজিটাল ডেস্কঃ পশ্চিম এশিয়ায় (West Asia) ইরান ও আমেরিকার সংঘাতের জেরে তৈরি হওয়া চরম যুদ্ধ পরিস্থিতির (War Situation) মাঝে নিরাপদ আশ্রয়ে ফিরছেন ভারতীয়রা। বিদেশ মন্ত্রক (Ministry of External Affairs) গভীর রাতে এক বিবৃতিতে জানিয়েছে, আকাশসীমা আংশিক খোলার পর ইতিমধ্যেই ৫২ হাজারেরও বেশি ভারতীয় নাগরিক দেশে ফিরে এসেছেন।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে দুবাই, ওমান ও কুয়েতে আটকে পড়েছিলেন বহু ভারতীয়। এমনকি ভারতের গর্ব ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং জাতীয় বাস্কেটবল দলও দুবাই বিমানবন্দরে আটকা পড়েন। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ভারত সরকার একটি ২৪ ঘণ্টার হেল্পলাইন (Helpline) চালু করেছে।
যুদ্ধের প্রভাবে বিমান পরিষেবা (Flight Services) কার্যত তছনছ হয়ে গিয়েছে। তথ্য অনুযায়ী, দিল্লি ও মুম্বই বিমানবন্দর থেকে অন্তত ১১০টি আন্তর্জাতিক উড়ান বাতিল (Cancelled) করা হয়েছে। এর মধ্যে মুম্বই থেকে ৩৫টি উড়ান টেকঅফ করেনি এবং দিল্লি থেকে বাতিল হয়েছে প্রায় ৩৯টি উড়ান।
এদিকে ইরানের মিসাইল হামলায় (Missile Attack) দুবাই ও ইরাকে সাধারণ মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। দুবাইয়ের আল বর্ষা এলাকায় পাকিস্তানি এক ট্যাক্সি চালক ও জনৈক নেপালি এবং বাংলাদেশির মৃত্যু হয়েছে। ইরান কুয়েত বিমানবন্দরে ড্রোন (Drone) হামলা এবং সৌদির কূটনীতিক এলাকায় ১৪টি মিসাইল ছুঁড়লে উত্তেজনা চরমে পৌঁছায়। বিদেশ মন্ত্রক জানিয়েছে, প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করাই বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার (Priority)। নাগরিকদের স্থানীয় মিশনের পরামর্শ (Advisory) মেনে চলতে বলা হয়েছে।
