নিউ জার্সি সংস্থার সঙ্গে আলোচনায় ন্যানোইলেকট্রনিক্স প্রকল্পের ইঙ্গিত
Connect with us

বিজ্ঞান

নিউ জার্সি সংস্থার সঙ্গে আলোচনায় ন্যানোইলেকট্রনিক্স প্রকল্পের ইঙ্গিত

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্কঃ পশ্চিমবঙ্গের শিল্পোন্নয়নে আন্তর্জাতিক স্তরে বিনিয়োগ আকর্ষণে আরও একধাপ এগোল রাজ্য। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বৈঠকে বসলেন আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজ (Cathy Gilles Diaz)-এর সঙ্গে। রাজ্যে সেমিকন্ডাক্টর ও ন্যানোইলেকট্রনিক্স শিল্পে সম্ভাব্য লগ্নি এবং যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয় এই উচ্চপর্যায়ের বৈঠকে।

বৈঠকের পরে রাতে মুখ্যমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একাধিক ছবি পোস্ট করে এই বৈঠকের তথ্য জানান। লেখেন, “সল্টলেক সেক্টর ফাইভের (Salt Lake Sector V) Software Technology Park of India-তে ১৩ হাজার বর্গফুট জমি ইতিমধ্যেই এক মার্কিন সংস্থাকে দেওয়া হয়েছে। তারা আরও ১৯ হাজার বর্গফুট জায়গা চেয়েছে, প্রক্রিয়া চলছে।” মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে শিক্ষা, শিল্প ও প্রযুক্তির একত্র প্রয়াসের ভবিষ্যৎ রূপরেখা।

তিনি আরও লেখেন, “আমরা ইন্টার্নশিপ প্রকল্প চালুর লক্ষ্যে একাধিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ পরিকল্পনা করছি। নিউ জার্সির একটি সংস্থা রাজ্যে সেমিকনডাক্টর এবং ন্যানোইলেকট্রনিক্স প্রকল্প নিয়ে আলোচনা শুরু করেছে।”

Advertisement
ads

উল্লেখযোগ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের আর্থ-সামাজিক উন্নয়নে শিল্প ও কর্মসংস্থানের উপর জোর দিয়ে আসছেন। বিজনেস সামিট, বিদেশ সফর, এবং বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের (Bengal Global Business Summit) মাধ্যমে দেশ-বিদেশে বাংলার বিনিয়োগ সম্ভাবনার বার্তা পৌঁছে দিয়েছেন তিনি।

বিরোধীরা যদিও প্রায়শই রাজ্যে শিল্পায়ন না হওয়া ও বেকারত্ব প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করেন, তবু মুখ্যমন্ত্রীর দাবি, উন্নয়নের কাজই হবে সেই সব অভিযোগের বাস্তব জবাব। বুধবারের বৈঠক এবং সম্ভাব্য বিদেশি বিনিয়োগ তাই রাজ্য সরকারের একপ্রকার পালটা বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Continue Reading
Advertisement