রাজনীতি
ভোটার তালিকা থেকে নাম বাদ! রাজ্যবাসীকে আগাম সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
ডিজিটাল ডেস্কঃ ভোটার লিস্ট (Voter List) নিয়ে রাজ্যবাসীর মধ্যে ফের একবার সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঝাড়গ্রামে (Jhargram) এক প্রশাসনিক সভা থেকে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনের এক চক্রান্তের অংশ হিসেবে রাজ্যের বাসিন্দাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
সভা থেকে মমতা বলেন, “কেউ যদি ফর্ম ফিলাপ করতে বলে, না জেনে কিছু করবেন না। অনেকেরই ভোটার লিস্ট থেকে নাম বাদ হয়ে যেতে পারে। তারপর আবার ধরিয়ে দেবে NRC-র নোটিস।”
তাঁর আশ্বাস, রাজ্য সরকার এই ধরনের কোনও কেন্দ্রীয় চাপের কাছে নত হবে না। তিনি আরও বলেন, শুধুমাত্র EPIC Card (ভোটার কার্ড) থাকলেই চলবে না, কেন্দ্রের নতুন নিয়মে আলাদা করে নাম তোলা বা যাচাইয়ের ফাঁদ পাতা হয়েছে।
আরও পড়ুনঃ বাংলা ভাষা নেই বলছে বিজেপি! ১০ টাকার নোটের বাংলা দেখিয়ে তীব্র কটাক্ষ মমতার
বিজেপির (BJP) বিরুদ্ধে তোপ দেগে মমতার মন্তব্য, “ওরা সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে, সাধারণ মানুষের কষ্ট কী বুঝবে? খেটে খাওয়া মানুষের নথি সবসময় ঠিক থাকে না, তা বলে কি তাঁরা নাগরিক নয়?”
এদিন ভাষা ইস্যুতেও বিজেপিকে বিঁধেছেন মুখ্যমন্ত্রী। কেন্দ্রীয় বিজেপি নেতার এক বিতর্কিত মন্তব্যকে ঘিরে তিনি বলেন, “বাংলা ভাষা যদি না থাকবে, তাহলে জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা হয়েছে?”
মমতা অভিযোগ করেন, সম্প্রতি একাধিক রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষদের নিগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, “বাংলায় কথা বললেই তাঁদের রোহিঙ্গা বলা হচ্ছে। ভোটের সময় টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা হচ্ছে।”
শেষে মুখ্যমন্ত্রী বলেন, “ঠিকানা, ভাষা, পরিচয়—এসব যেন কেউ সহজে না দেয়। না হলে নিজের অস্তিত্বটাই হারাতে হবে।”
এ এক স্পষ্ট রাজনৈতিক বার্তা—ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সম্ভাবনা ও বাংলা ভাষার অসম্মান দুই ইস্যুতে তৃণমূল এখন সরব প্রতিবাদে নামছে।
