পাকিস্তান
লজ্জায় মাথা নত হয়, বিদেশে ভিক্ষা করতে যাই! অকপট স্বীকার পাকিস্তান প্রধানমন্ত্রীর
ডিজিটাল ডেস্কঃ পাকিস্তানের অর্থনৈতিক দৈন্যদশা ফের প্রকাশ্যে আনলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ (Shehbaz Sharif)। শুক্রবার রাতে ইসলামাবাদে শীর্ষ রফতানিকারকদের সঙ্গে বৈঠকে তিনি স্বীকার করেন, পাকিস্তান সম্পূর্ণভাবে বিদেশি আর্থিক সাহায্য (Foreign Aid) ও ঋণের উপর নির্ভরশীল।
শেহবাজ বলেন, “আমরা যখন ঋণ চাইতে যাই, তখন লজ্জায় মাথা নত হয়ে যায়।” তিনি জানান, ফিল্ড মার্শাল আসিম মুনির (Asim Munir)-এর সঙ্গে তাঁকেও বিভিন্ন দেশে গিয়ে সাহায্য চাইতে হয়েছে। তাঁর স্বীকারোক্তি, ঋণ নেওয়া মানেই আত্মসম্মানের (Self-respect) সঙ্গে আপস করা এবং বহু শর্ত মানতে বাধ্য হওয়া।
প্রধানমন্ত্রী আরও বলেন, পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ (Foreign Exchange Reserve) বেড়েছে ঠিকই, কিন্তু তার বড় অংশই বন্ধুদেশ ও ঋণের টাকায় গড়া। তিনি স্বীকার করেন, পাকিস্তান কার্যত একটি হাইব্রিড শাসন (Hybrid Regime)-এর অধীনে চলছে, যেখানে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রসঙ্গত, সম্প্রতি পাকিস্তান আইএমএফ (IMF) থেকে ১.২ বিলিয়ন ডলার ঋণ পেয়েছে। যদিও এই ঋণের বদলে কঠোর মুদ্রানীতি (Monetary Policy) ও ব্যয়সংকোচনের শর্ত মানতে হচ্ছে। দারিদ্র্য, বেকারত্ব ও ঋণের বোঝায় জর্জরিত পাকিস্তানের বাস্তব চিত্রই ফের উঠে এল প্রধানমন্ত্রীর কথায়।
