খুন
ভাঙড়ে খুন হওয়া তৃণমূল নেতার স্ত্রীর পাশে রাজ্য, মুখ্যমন্ত্রীর উদ্যোগে মিলছে গ্রুপ-ডি চাকরি
ডিজিটাল ডেস্কঃ ফের শাসকদলের নেতার খুনে উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। তৃণমূল নেতা রজ্জাক খাঁ (Razzak Khan Murder Case) খুন হওয়ার পর তাঁর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে মৃত নেতার স্ত্রীকে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের একটি গ্রুপ-ডি চাকরি। বিধায়ক শওকত মোল্লা (Shaukat Molla) শনিবার রজ্জাকের বাড়িতে গিয়ে এই সিদ্ধান্তের কথা জানান।
প্রসঙ্গত, গত ১০ জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ভাঙড়ের মাঝরাস্তায় রজ্জাক খাঁকে লক্ষ্য করে পরপর গুলি চালানো হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একাধিক দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে কাছ থেকে গুলি চালায়। মাথা ও বুকে পাঁচটি গুলি লাগে। পাশাপাশি, ধারালো অস্ত্র দিয়ে কোপানোও হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দেশীয় বন্দুক দিয়ে খুন করা হয়ে থাকতে পারে।
আরও পড়ুনঃ আইআইএম ধর্ষণকাণ্ডে পাল্টাল বয়ান! মেয়ের বাবার বিস্ফোরক অভিযোগ: “পুলিশই অভিযোগ লিখিয়েছে”
শনিবার দুপুরে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা নিহত নেতার পরিবারের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। রজ্জাক ভাইয়ের স্ত্রীর চাকরির ব্যবস্থা করা হচ্ছে। সোমবার সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করা হবে।”
রজ্জাক খাঁর পরিবারে স্ত্রী, একটি কন্যা ও একটি পুত্র রয়েছে। ঘটনার পর থেকে পরিবার কার্যত দিশেহারা হয়ে পড়ে। কোনও উপার্জনকারী না থাকায় আর্থিক সংকটে পড়েন তাঁরা। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর তরফে এই সরকারি চাকরি অন্তত কিছুটা স্বস্তি দেবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
