দেশের খবর
মার্কিন শুল্ক-বোমায় মোদিকে কাঠগড়ায় অভিষেক: “৫৬ ইঞ্চি ছাতি কোথায় গেল?”
ডিজিটাল ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্তকে কেন্দ্র করে এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর কথায়, এই শুল্কবৃদ্ধি শুধু ভারতীয় অর্থনীতিকে আঘাতই দেবে না, বরং এটি মোদি সরকারের “diplomatic failure” বা কূটনৈতিক ব্যর্থতার বহিঃপ্রকাশ।
আজ, বৃহস্পতিবার দিল্লি রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক মোদিকে কটাক্ষ করে বলেন, “আমাকে কেন জিজ্ঞেস করছেন? ট্রাম্পের হয়ে প্রচার করেছিল কে? ট্রাম্প গুজরাটে এসে কার প্রচার করেছিল?” তিনি স্পষ্ট জানান, এই সিদ্ধান্তের ফলে কর্মসংস্থান, কৃষি এবং অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
প্রধানমন্ত্রীর ৫৬ ইঞ্চির ছাতির প্রসঙ্গ টেনে অভিষেক প্রশ্ন ছুড়েছেন, “৫৬ ইঞ্চির ছাতি নিয়ে যিনি বড়াই করেন, তিনি কি ট্রাম্পকে একবারও প্রশ্ন করেছিলেন? কেন এমন শুল্ক চাপানো হল?”
আরও পড়ুনঃ হরিয়ানায় বাঙালিদের উপর নিপীড়ন! এক কাপড়ে তুফানগঞ্জে ফিরলেন ১০৩ শ্রমিক
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) বুধবার জানান, ভারতীয় পণ্যের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করতে চলেছে আমেরিকা। এর প্রভাব পড়বে কৃষিপণ্য, টেক্সটাইল এবং মৎস্যজাত পণ্যের উপর।
এই ঘোষণার পর প্রধানমন্ত্রী মোদি (Narendra Modi) পালটা প্রতিক্রিয়া দিয়ে বলেন, “ভারত তার কৃষক ও মৎস্যজীবীদের স্বার্থে কখনও আপস করবে না।” তিনি আরও জানান, এর ফলে রাজনৈতিক মূল্য দিতে হলেও তিনি সেই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।
তৃণমূল কংগ্রেসের দলনেতা হিসেবে লোকসভায় নিজের দায়িত্ব নিতে দিল্লি যাওয়ার আগে অভিষেকের এই কটাক্ষ রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে।
