ভাইরাল খবর
শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে আত্মসমর্পণ, কিছুক্ষনের মধ্যেই জামিনে মুক্ত মন্ত্রী চন্দ্রনাথ সিনহা
ডিজিটাল ডেস্কঃ প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (Primary Recruitment Scam) আদালতের নির্দেশ মেনে অবশেষে আত্মসমর্পণ করলেন পশ্চিমবঙ্গের কারা ও ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। শনিবার ইডি (ED)-র বিশেষ আদালতে আত্মসমর্পণ করে তিনি ব্যক্তিগত ১০ হাজার টাকার বন্ডে আগাম জামিন (Anticipatory Bail) পান। তবে জামিনের সঙ্গে বেশ কিছু কঠোর শর্ত আরোপ করেছে আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মন্ত্রী তাঁর বিধানসভা কেন্দ্র ও কলকাতার বাইরে যেতে পারবেন না। তদন্তে সহযোগিতা করা বাধ্যতামূলক। ইডি দাবি করেছে, চন্দ্রনাথ সিনহা সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করছেন। এই প্রেক্ষিতেই কেন্দ্রীয় সংস্থা তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানালেও, তা মঞ্জুর হয়নি। আগামী ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি ধার্য হয়েছে। তার আগে আগামী শুক্রবারের মধ্যে ইডি-র আবেদনের জবাব দিতে হবে মন্ত্রীকে।
এর আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) মন্ত্রীর বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার অনুমতি দেন, যার ফলে ইডি চন্দ্রনাথের বিরুদ্ধে চার্জশিট আদালতে পেশ করে। জানা গিয়েছে, তাঁর বাড়িতে ইডির একাধিক তল্লাশিতে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার হয়েছিল। এছাড়া তাঁর অ্যাকাউন্টে ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে প্রায় দেড় কোটি টাকার অস্বচ্ছ লেনদেনের তথ্যও মিলেছে বলে ইডি সূত্রের দাবি।
চলমান তদন্ত এবং আদালতের এই পদক্ষেপের জেরে শাসকদল তৃণমূল (TMC) নতুন করে অস্বস্তিতে পড়েছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। কারণ, চন্দ্রনাথ সিনহা এখনো মন্ত্রিসভায় রয়েছেন এবং চার্জশিটভুক্ত অবস্থাতেই আদালতে আত্মসমর্পণ করেছেন।


