শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি: বাড়ল অযোগ্যদের তালিকা, রাতারাতি যুক্ত ২ নাম
Connect with us

ভাইরাল খবর

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি: বাড়ল অযোগ্যদের তালিকা, রাতারাতি যুক্ত ২ নাম

Dipa Chakraborty

Published

on

ডিজিটাল ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতির জেরে ফের বিস্ফোরক পদক্ষেপ স্কুল সার্ভিস কমিশনের (SSC)। শনিবার মধ্যরাতেই প্রকাশিত হল ‘দাগি অযোগ্য’ প্রার্থীদের একটি নতুন হালনাগাদ তালিকা। আগের ১৮০৪ জনের তালিকার সঙ্গে যুক্ত হল আরও দু’জনের নাম। ফলে মোট অযোগ্য প্রার্থীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮০৬ জন।

শনিবার সন্ধ্যায় প্রথম দফায় একটি তালিকা প্রকাশ করে এসএসসি, যেখানে প্রার্থীদের নাম, রোল নম্বর ও সিরিয়াল নম্বর উল্লেখ করা হয়। কমিশনের তরফে জানানো হয়, এটি ‘প্রথম তালিকা’। এর ঠিক পরেই রাতেই আরও দু’জনের নাম যুক্ত করে দ্বিতীয়বার তালিকা প্রকাশ করা হয়। সূত্রের খবর, তালিকা প্রকাশের আগে একাধিক দফায় বৈঠক করেন এসএসসির কর্তারা। সেই বৈঠকে উপস্থিত ছিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও।

এই পদক্ষেপের প্রেক্ষাপটে উঠে আসে সুপ্রিম কোর্টের নির্দেশ, যেখানে ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য হয়েছে। তার আগে এত সংখ্যক অযোগ্য প্রার্থীর নাম প্রকাশ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement
ads

প্রসঙ্গত, শুক্রবার শিক্ষক নিয়োগ মামলার শুনানিতে এসএসসির তরফে আদালতে জানানো হয়েছিল, ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা ১৯০০ জন ‘দাগি’র তালিকা প্রকাশ করা হবে। যদিও শনিবার পর্যন্ত প্রকাশিত তালিকায় রয়েছে ১৮০৬ জনের নাম। অর্থাৎ বাকি থাকা প্রার্থীদের নাম নিয়েও তৈরি হয়েছে নতুন জল্পনা।

কমিশনের বিজ্ঞপ্তি ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। নিয়োগে স্বচ্ছতা ফেরাতে এই প্রকাশ আগাম সতর্কবার্তাও বটে বলে মত পর্যবেক্ষকদের।