করোনা আবহে লকডাউনের আশঙ্কায় ভিনরাজ্যে আর কাজে ফিরতে চাইছেন না উত্তর দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকেরা
Connect with us

উত্তর দিনাজপুর

করোনা আবহে লকডাউনের আশঙ্কায় ভিনরাজ্যে আর কাজে ফিরতে চাইছেন না উত্তর দিনাজপুর জেলার পরিযায়ী শ্রমিকেরা

Dipa Chakraborty

Published

on

নিজস্ব সুংবাদাতা , রায়গঞ্জ , ২৫ এপ্রিল :  করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলাতেও। ভয়াবহ অতিমারি করোনার কারনে লকডাউনের সম্ভাবনা তৈরি হয়েছে। লকডাউনের আশঙ্কায় ভোট দিতে জেলায় ফিরে আসা পরিযায়ী শ্রমিকেরা আর ফিরে যেতে চাইছেন না ভিনরাজ্যে।

তাঁরা চাইছেন, গ্রামেই পঞ্চায়েতের মাধ্যমে কোনও কাজের ব্যবস্থা হলে সেখানেই কাজ করে জীবন জীবিকা নির্বাহ করবেন। স্থানীয় পঞ্চায়েত সদস্যও জানিয়েছেন, ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের গ্রামেই কাজের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। প্রথম ধাপের করোনার প্রকোপ কিছুটা কমে যাওয়ার পর উত্তর দিনাজপুর জেলার বহু গ্রামগঞ্জের কর্মঠ পুরুষ ও যুবকেরা চেন্নাই, পাঞ্জাব, মুম্বই, দিল্লি, হরিয়ানা সহ ভিনরাজ্যের কাজে ফিরে গিয়েছিলেন। কিন্তু রাজ্য বিধানসভা নির্বাচনে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ফিরে আসেন গ্রামে। এরই মাঝে রাজ্যজুড়ে শুরু হয় করোনার বাড়বাড়ন্ত। গোটা দেশজুড়ে ভয়ানক আকার ধারণ করেছে করোনার নতুন রূপ। দৈনিক উর্ধ্বমুখী আক্রান্তের গ্রাফ, আর পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। তাই আবারও দেশজুড়ে লকডাউনের সম্ভাবনা দেখা দিয়েছে। ইতিমধ্যেই বেশকিছু উড়ান ও রেল যোগাযোগ বন্ধ করেছে সরকার। বেশকিছু এলাকায় শুরু হয়েছে সাময়িক লকডাউন। গত লকডাউনে চরম দুর্ভোগে পড়তে হয়েছিল পরিযায়ী শ্রমিকদের। খাওয়াদাওয়ার সমস্যার পাশাপাশি ভিনরাজ্য থেকে নিজের এলাকায় ফিরে আসাই দুর্বিষহ হয়ে উঠেছিল। অনেক পরিযায়ী শ্রমিক ভিনরাজ্য থেকে সাইকেল নিয়েও বহু কষ্টে ফিরেছিলেন নিজেদের বাড়িতে। তাই পূর্বের ভয়ানক অভিজ্ঞতা পুনরাবৃত্তি করতে চাইছেননা তাঁরা। সেজন্যই এবার ভোট দিতে ফিরে এসে লকডাউনের আশঙ্কায় আর ভিনরাজ্যে কাজে যেতে চাইছেন না পরিযায়ী শ্রমিকেরা। তাঁরা চাইছেন, গ্রামেই পঞ্চায়েতের মাধ্যমে একশো দিনের কাজ হোক বা অন্য কোনও কাজ করেই জীবিকা নির্বাহ করতে। স্থানীয় পঞ্চায়েত সদস্যরাও জানিয়েছেন, এই পরিযায়ী শ্রমিকদের গ্রামেই কাজের ব্যবস্থা করার জন্য উদ্যোগ নেওয়া হবে।

Continue Reading
Advertisement